আদালতে যাচ্ছে মামলা, মোদীকে চরম ডেডলাইন দিলেন রাহুল! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে তোলপাড় দেশ

চরম অব্যবস্থা আর একের পর এক দুর্নীতির অভিযোগে দেশজুড়ে বাতিল হয়ে গেছে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG)। দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের ক্ষোভ যখন ফুঁসছে, ঠিক তখনই এই ইস্যুটিকে কেন্দ্র করে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে অলআউট আক্রমণে নামলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রহস্যজনক ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ ও বরখাস্তের দাবি জানিয়েছেন তিনি।

চলতি বছরের ৩ মে দেশজুড়ে নিট পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শেষ হতেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মারাত্মক অভিযোগ সামনে আসে। তদন্তে নেমে সিবিআই (CBI) প্রশ্ন ফাঁসের অকাট্য প্রমাণ পাওয়ার পর নজিরবিহীনভাবে গোটা দেশের পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী ২১ জুন এই পরীক্ষা পুনরায় নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

২০২৪ বনাম ২০২৬: একই নাটকের পুনরাবৃত্তি!

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি পোস্টে রাহুল গান্ধী কেন্দ্রের তীব্র সমালোচনা করে গত কয়েক বছরের ঘটনার একটি তুলনামূলক খতিয়ান তুলে ধরেন। তিনি লেখেন:

  • NEET ২০২৪: পেপার লিক হলো। পরীক্ষা বাতিল করা হলো না। মন্ত্রী পদত্যাগ করলেন না। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো এবং একটি কমিটি গড়া হলো।

  • NEET ২০২৬: এবারও পেপার লিক হলো। পরীক্ষা বাতিল করা হলো। কিন্তু মন্ত্রী এবারও পদত্যাগ করলেন না। সিবিআই আবারও তদন্ত করছে। এবারও আরেকটি নতুন কমিটি গঠন করা হবে!

রাহুলের দাবি, দিনের পর দিন ধরে একই চেনা ছকে কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, কিন্তু মূল অপরাধীরা অধরাই থেকে যাচ্ছে।

‘পরীক্ষা পে চর্চা করেন, অথচ আসল সময়ে কেন চুপ?’

প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, “মোদীজি, দেশের ২২ লক্ষ ছাত্রছাত্রীর সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাও আপনি একটা শব্দও উচ্চারণ করছেন না কেন? আপনি তো নিয়তি করে ‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha Pe Charcha) করেন, তাহলে এই লাগাতার পেপার লিক নিয়ে কেন বারবার চুপ করে থাকছেন?”

এখানেই থামেননি কংগ্রেসের এই শীর্ষ নেতা। তিনি আরও যোগ করেন, “যে শিক্ষামন্ত্রী বারবার ব্যর্থ হচ্ছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন, তাঁকে কেন আপনি মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করছেন না? মোদীজি, হয় ধর্মেন্দ্র প্রধানকে এখনই চাকরি থেকে সরান, না হলে এই ধ্বংসের দায় আপনি নিজের কাঁধে নিন।”

‘শিক্ষা মন্ত্রক এখন বিপর্যয় মন্ত্রক’

শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, “প্রথমে নিট পরীক্ষার পেপার লিক হয়ে ২২ লাখ পড়ুয়া প্রতারিত হলো। তারপর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ত্রুটিপূর্ণ মূল্যায়নের কারণে হাজার হাজার পড়ুয়া কলেজে ভর্তির যোগ্যতা হারাল। আর এখন আবার কোনো প্রস্তুতি ছাড়াই নবম শ্রেণির ওপর নতুন ভাষা নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এই একজন মন্ত্রী দেশের সব বয়সের পড়ুয়াদের ভবিষ্যৎ একসঙ্গে নষ্ট করেছেন। শিক্ষা মন্ত্রক এখন আদতে ‘বিপর্যয় মন্ত্রক’ (Department of Disasters)-এ পরিণত হয়েছে।”

দেশজুড়ে সিবিআই হানা, বাড়ছে অসন্তোষ

এদিকে নিট প্রশ্ন ফাঁসের তদন্তে নেমে দেশের ৫টি রাজ্য থেকে ইতিমধ্যে পুনের এক প্রবীণ উদ্ভিদবিদ্যার শিক্ষিকাসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে সিবিআই। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের উৎস খুঁজতে দেশের একাধিক জায়গায় ল্যাপটপ, নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিরোধী দলগুলোর অভিযোগ, বিজেপি এবং আরএসএস ঘনিষ্ঠদের বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে বসানোর কারণেই দেশের শিক্ষাক্ষেত্র আজ এই মাফিয়া রাজের কবলে পড়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সংগঠনগুলো রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে, যা আগামী দিনে মোদী সরকারের ওপর চাপ আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।