সরকার বদলাতেই অ্যাকশনে পুলিশ! ফলতার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা সইদুল খানকে মাঝরাতে বাড়ি থেকে তুলে নিল থানা

বাংলায় ক্ষমতার সমীকরণ ওলটপালট হতেই আমূল বদলে গিয়েছে রাজ্য পুলিশের কাজের রূপরেখা। নতুন সরকার গঠন হতেই পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে শুরু করেছে বলে দাবি ওয়াকিবহাল মহলের। আর আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হাত খুলতেই রাজ্যজুড়ে গ্রেফতার হচ্ছে একের পর এক সমাজবিরোধী ও দাগি অপরাধী। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার নাম। খুনের চেষ্টা এবং রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হলো ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সইদুল খানকে।
মাঝরাতে বাড়িতে হানা পুলিশের, জালে জাহাঙ্গির-ঘনিষ্ঠ নেতা
ধৃত সইদুল খান এলাকায় ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, সইদুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিক হিংসা ছড়ানো, বোমাবাজি এবং খুনের চেষ্টার মতো একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। কিন্তু অভিযোগ, রাজ্যে পূর্বতন শাসকদলের ছত্রছায়ায় থাকায় এতদিন তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ বা অ্যাকশন নেওয়া যাচ্ছিল না।
অবশেষে রাজ্যে সরকার পরিবর্তনের পর পুরনো সেইসব মামলার ফাইল খোলে পুলিশ। শুক্রবার গভীর রাতে ফলতা থানার পুলিশের একটি বিশাল টিম সইদুলের বাড়িতে আকস্মিক হানা দেয় এবং তাঁকে হাতেনাতে গ্রেফতার করে।
পুনর্নির্বাচনের ঠিক ৫ দিন আগে মেগা গ্রেফতারি
ফলতার এই হেভিওয়েট নেতার গ্রেফতারি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী ২১ মে ফলতায় হাই-ভোল্টেজ পুনর্নির্বাচন রয়েছে এবং ২৪ মে তার ফলপ্রকাশ। বাংলায় ইতিপূর্বেই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে নতুন বিজেপি সরকার গঠিত হয়েছে এবং রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। কাকতালীয়ভাবে, আজ শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডায়মন্ডহারবারে হাই-প্রোফাইল প্রশাসনিক বৈঠক রয়েছে এবং তারপরই ফলতায় তাঁর বিশেষ নির্বাচনী প্রচার ও কর্মীসভা করার কথা। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই এই গ্রেফতারির ঘটনায় ফলতা জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
ফিরছে আইনের শাসন, বার্তা নতুন সরকারের
আগামী ১৯ মে ফলতায় নির্বাচনী প্রচারের শেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মেগা রোড শো করার কথা রয়েছে। তবে ভোট বা প্রচারের রাজনীতির ঊর্ধ্বে উঠে পুলিশ যেভাবে অপরাধ দমনে তৎপর হয়েছে, তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। স্থানীয়দের একাংশের মতে, রাজ্যে নতুন সরকার আসতেই আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শুধু নিচুতলার সমাজবিরোধীই নয়, দুর্নীতির দায়ে একের পর এক হেভিওয়েটকে যেভাবে আইনের আওতায় আনা হচ্ছে, ফলতার এই ঘটনা তারই আরও এক বড় প্রমাণ। অযোগ্য বা অপরাধীদের যে কোনওভাবেই রেয়াত করা হবে না, পুলিশি সক্রিয়তায় সেই বার্তাই স্পষ্ট।