১৬ ঘণ্টার জন্য বিচ্ছিন্ন হচ্ছে কলকাতা-হাওড়া! রবিবার বিদ্যাসাগর সেতু বন্ধের নেপথ্যে কী কারণ?

রবিবার ছুটির দিনে যাঁরা কলকাতা থেকে হাওড়া কিংবা হাওড়া থেকে কলকাতায় যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রইল অত্যন্ত জরুরি ও সতর্কবার্তা। আগামী রবিবার এক ধাক্কায় টানা ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। সেতু সংস্কারের জরুরি কাজের জেরে ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত এই ব্যস্ততম উড়ালপুলে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ থাকবে। ফলে সপ্তাহের শেষ দিনে দুই শহরের বাসিন্দাদের যে চরম ট্রাফিক ভোগান্তির মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য।
হাওড়া এবং কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যাসাগর সেতুর মূল কাঠামোর কিছু প্রযুক্তিগত পরীক্ষা এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণেই এই মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)। যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে ইতিমধ্যেই ট্রাফিক পুলিশের তরফে বিকল্প রুট ম্যাপ প্রকাশ করা হয়েছে।
কোন পথে চলবে গাড়ি? দেখে নিন ট্রাফিক পুলিশের নয়া গাইডলাইন:
-
কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি: কলকাতার দিক থেকে আসা সমস্ত হাওড়াগামী ছোট গাড়ি ও বাসকে হেস্টিংস ক্রসিং বা স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলি হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) হয়ে হাওড়ায় প্রবেশ করতে পারবে।
-
হাওড়া থেকে কলকাতাগামী গাড়ি: একই ভাবে কোনা এক্সপ্রেসওয়ে বা হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে কলকাতার দিকে আসা গাড়িগুলিকে বালি ব্রিজ বা রবীন্দ্র সেতুর দিকে ডাইভার্ট করা হবে।
-
ভারী মালবাহী যান: পণ্যবাহী লরি বা ভারী ট্রাকগুলিকে শনিবার রাত থেকেই বালি ব্রিজ এবং নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যাতে শহরের ভেতরে যানজটের সৃষ্টি না হয়।
রবিবার সকাল থেকেই সেতুর সংযোগকারী রাস্তাগুলিতে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা থাকবে বলে জানানো হয়েছে লালবাজার ও হাওড়া সিটি পুলিশের তরফে। তবে যান চলাচল ঘোরানো হলেও ববীন্দ্র সেতু এবং বালি ব্রিজে গাড়ির চাপ মারাত্মক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ভোগান্তি এড়াতে রবিবারের যাত্রাপথ আগে থেকেই গুছিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন ট্রাফিক কর্তারা।