“ফুটবল বিশ্বকাপে ভারতের পতাকা!”-মাঠে নামছেন ৩ ভারতীয় সন্তান, চিনে নিন এদের

ফুটবল বিশ্বকাপ মানেই আপামর ভারতবাসীর কাছে অন্য দেশের জন্য গলা ফাটানো। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে চলা এই মেগা টুর্নামেন্টে নেই সুনীল ছেত্রীর দেশ। কিন্তু তবুও এবার মাঠের লড়াইয়ে ব্রাত্য থাকছে না ভারত। কারণ, ৪৮ দলের এই বিশ্বমঞ্চে কাতার ও নিউজিল্যান্ডের জার্সিতে খেলতে নামছেন তিন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার।

২০২৬ বিশ্বকাপের জন্য দলগুলো যখন তাদের চূড়ান্ত স্কোয়াড গোছাতে ব্যস্ত, তখন প্রবাসী ভারতীয়দের এই উত্থান বিশ্ব ফুটবলে এক নতুন রূপকথা তৈরি করছে। চিনে নিন এই তিন তারকাকে:

১. তাহসিন মহম্মদ (কাতার)

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর নাম ১৯ বছর বয়সী উইঙ্গার তাহসিন মহম্মদ জামশিদ। কেরালা রাজ্যের কান্নুরের বাসিন্দা জামশিদের ছেলে তাহসিনের জন্ম ও বেড়ে ওঠা দোহাতেই। তাঁর বাবা জামশিদ নিজেও কালিকট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিভাবান ফুটবলার ছিলেন।

ইতিমধ্যেই আল দুহাইল ক্লাবের হয়ে কাতার স্টারস লিগে খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন তাহসিন। বাম উইংয়ে দুরন্ত গতি ও ড্রিবলিংয়ের জন্য পরিচিত এই তরুণ সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের সিনিয়র দলে অভিষেকও ঘটিয়েছেন। চূড়ান্ত দলে জায়গা পেলে তাহসিনই হবেন ফিফা বিশ্বকাপে খেলা প্রথম মালয়ালি ফুটবলার।

২. নাইল মেসন (কাতার)

২৯ বছর বয়সী ডিফেন্ডার নাইল মেসনের ফুটবলের সফরটি যেন আক্ষরিক অর্থেই বিশ্বজনীন। ইংল্যান্ডে জন্ম নেওয়া মেসনের মা ভারতীয় এবং বাবা আমেরিকান। মাত্র ৭ বছর বয়সে রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমিতে তাঁর ফুটবলের বুনিয়াদি শিক্ষা শুরু হয়। এরপর ইংলিশ ফুটবল লিগে ডনকাস্টার রোভার্স এবং পিটারবোরো ইউনাইটেডের হয়ে নজর কাড়েন তিনি।

২০২১ সালে পাকাপাকিভাবে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান মেসন। বর্তমানে কাতার স্পোর্টস ক্লাবের রক্ষণভাগের এই বিশ্বস্ত ডিফেন্ডার কাতার স্টারস লিগে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে দেশের জাতীয় দলে ডাক পেয়েছেন। ২০১৯ সালে আমেরিকায় এক আইনি জটিলতায় তাঁর কেরিয়ার কিছুটা ধাক্কা খেলেও, বর্তমানে সমস্ত বিতর্ক কাটিয়ে মধ্যপ্রাচ্যের ফুটবলে নিজেকে প্রমাণ করেছেন মেসন।

৩. সরপ্রীত সিং (নিউজিল্যান্ড)

বিশ্ব ফুটবলে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় ও পরিচিত নাম ২৭ বছর বয়সী মিডফিল্ডার সরপ্রীত সিং। ২০১৯ সালে বিশ্বখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে জার্মান বুন্দেসলিগায় খেলার ইতিহাস গড়েছিলেন তিনি। জার্মানি, পর্তুগাল এবং সার্বিয়ার মতো ইউরোপীয় লিগে দাপিয়ে বেড়ানোর পর, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি ধারে যোগ দেন নিজের প্রথম পেশাদার ক্লাব নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফিনিক্সে।

বিশ্বকাপের ঠিক আগে হাঁটুতে গুরুতর চোট পেয়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন সরপ্রীত। কিন্তু কঠোর পরিশ্রম এবং পুনর্বাসনের মাধ্যমে ঠিক দল ঘোষণার আগে ফিটনেস ফিরে পান তিনি। নিউজিল্যান্ডের ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে ইতিমধ্যেই নিজের নাম নিশ্চিত করেছেন সরপ্রীত।

ভারত বিশ্বকাপে না থাকলেও, প্রবাসী এই তিন প্রতিভার পারফরম্যান্সের দিকেই এবার নজর থাকবে কোটি কোটি ভারতীয় ফুটবল ভক্তের।

Editor001
  • Editor001