লাখ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট ডিলিট করলো ইনস্টাগ্রাম, জেনেনিন কেন?

সোশ্যাল মিডিয়া দুনিয়ায় এখন এক আতঙ্কের নাম ‘ক্লিনিং ড্রাইভ’। ২০২৬ সালের শুরু থেকেই ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। আর মেটার এই ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ ঝাপটা এসে লেগেছে গ্ল্যামার দুনিয়ার মহীরুহদের গায়ে। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে দুনিয়া কাঁপানো সেলিব্রিটি— এক রাতেই ফলোয়ারের গ্রাফ নিম্নমুখী হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সবার।

কাইলি জেনারের ১ কোটি ৪০ লাখ ফলোয়ার উধাও! এই অভিযানে সবথেকে বড় ধাক্কা খেয়েছেন মার্কিন রিয়েলিটি স্টার ও ব্যবসায়ী কাইলি জেনার। রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রামের এই বিশেষ ঝাড়াই-বাছাই প্রক্রিয়ার পর কাইলির অ্যাকাউন্ট থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ ফলোয়ার কমে গেছে। শুধু কাইলি নন, বিশ্বের তাবড় ফুটবলার, পপ গায়ক এবং বলিউড তারকাদের প্রোফাইলেও হঠাৎ করেই বড় সংখ্যায় ধস নেমেছে।

কেন এই কঠোর পদক্ষেপ? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় এখন শুধু ফলোয়ারের সংখ্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ‘রিয়েল এনগেজমেন্ট’ বা প্রকৃত মানুষের অংশগ্রহণ। বহু ক্ষেত্রেই দেখা যায়, কৃত্রিমভাবে লাইক, কমেন্ট ও ফলোয়ার বাড়াতে ‘বট’ (Bot) বা স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এতে প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতা যেমন নষ্ট হয়, তেমনই বিজ্ঞাপনী সংস্থাগুলোও বিভ্রান্ত হয়। এই অস্বচ্ছতা দূর করতেই ইনস্টাগ্রাম এখন কোমর বেঁধে নেমেছে।

মেটা কী বলছে? মেটার এক মুখপাত্র জানিয়েছেন, ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া ইনস্টাগ্রামের একটি নিয়মিত ও প্রয়োজনীয় প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো প্ল্যাটফর্মকে আরও স্বচ্ছ ও প্রাণবন্ত করে তোলা। সাধারণ সক্রিয় ব্যবহারকারীদের এতে ঘাবড়ানোর কিছু নেই। তবে যদি কোনো ভেরিফায়েড প্রোফাইল ভুলবশত ক্ষতিগ্রস্ত হয়, তবে যথাযথ নথির মাধ্যমে তা পুনরুদ্ধার করার সুযোগও রাখা হয়েছে।

ইনফ্লুয়েন্সার দুনিয়ায় হাহাকার হঠাৎ করে ফলোয়ার কমে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক উঠতি ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ড। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যার ওপর ভিত্তি করেই অনেকের আয়ের পথ নির্ধারিত হয়। হঠাৎ এই ধসে তাদের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ভবিষ্যতে কৃত্রিম জনপ্রিয়তার দিন শেষ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন থেকে কেবল ফলোয়ারের সংখ্যা বাড়িয়ে নয়, সৃজনশীল ও বাস্তব কন্টেন্ট দিয়েই মানুষের মন জয় করতে হবে। আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্ট কি আজ চেক করেছেন? হয়তো আপনার প্রিয় তালিকায় থাকা কোনো ‘ফেক প্রোফাইল’ আজই বিদায় নিয়েছে!