“কর্মফল যখন আঘাত হানে…”-বাংলায় গেরুয়া ঝড় উঠতেই কেন এমন পোস্ট সৌরভের?

বাংলায় ক্ষমতার পালাবদল হতেই কি ভোলবদল শুরু বিনোদন জগতেও? বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ এবং নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে এবার ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা সৌরভ দাস। একসময় তৃণমূলের হয়ে প্রচার করা এই অভিনেতার গলায় এখন শোনা যাচ্ছে ভিন্ন সুর। রাজ্যে পরিবর্তনের হাওয়া লাগতেই তিনি দাবি তুললেন, বাংলায় মুক্তি দেওয়া হোক নিষিদ্ধ হওয়া ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’।
উল্লেখ্য, এই ছবিতে ‘গোপাল পাঁঠা’ ওরফে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন সৌরভ, তেমনই তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। বাংলা বিরোধী তকমা পাওয়া এই ছবিতে কেন একজন বাঙালি অভিনেতা অভিনয় করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিল শাসক শিবিরের ঘনিষ্ঠ মহল। এমনকি ছবিটির ওপর নিষেধাজ্ঞার দাবিও উঠেছিল।
সেই যন্ত্রণার দিনগুলোর কথা স্মরণ করে সৌরভ ফেসবুকে লেখেন, “আমি যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি—আমাকে বাদ দেওয়ার, নিষিদ্ধ করার সেই হুমকি আর ভয়; যে কাজটা আমি সবচেয়ে ভালো পারি, সেখান থেকেই আমাকে সরিয়ে দেওয়ার সেই আতঙ্ক। আমি কীভাবে রোজগার করব, সেই চিন্তায় ভীত হয়ে পড়া… এই কষ্টগুলোর কথা আজ বলাটা বড্ড জরুরি হয়ে পড়েছিল।”
সৌরভ আরও জানান, এ রাজ্যে ছবিটির মুক্তি আটকে যাওয়ায় তাঁর পরিবারকেও চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তাঁর অভিনয় দেখার জন্য পরিবারের সদস্যদের টাটানগর পর্যন্ত যেতে হয়েছিল। নিজের বড় সাফল্য আপনজনদের নিয়ে বাংলায় বসে দেখতে না পারার আফশোস ফুটে উঠেছে তাঁর লেখায়। মুম্বইয়ের হোর্ডিংয়ে নিজের মুখ দেখে কান্নায় ভেঙে পড়ার কথাও জানিয়েছেন তিনি।
তবে সবথেকে বেশি নজর কেড়েছে সৌরভের ‘কর্মফল’ সংক্রান্ত মন্তব্যটি। তিনি লিখেছেন, “বিশ্বাস করুন, ‘কর্মফল’ বলে সত্যিই কিছু একটা আছে। আর তা যখন আঘাত হানে, তখন সেই আঘাতের তীব্রতা হয় হাড়হিম করা!” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকেই ইঙ্গিত করেছেন অভিনেতা।
সবশেষে সৌরভের দাবি, শিল্পের সঙ্গে কোনো আপস করা উচিত নয় এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’ যেন আবারও বাংলায় মুক্তি পায়। স্ক্রিপ্ট নিয়ে ধোঁয়াশা প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমায় সত্যিই পুরো স্ক্রিপ্ট দেয়নি। শুধু ৩ দিনের চিত্রনাট্য দেওয়া হয়েছিল। ৯০ দিনের শুটের স্ক্রিপ্ট কেনই বা দেবে? দিলে আজ সত্যিটা বলে দিতাম।”
নির্বাচনের আগে তৃণমূলের মঞ্চে দেখা যাওয়া সৌরভের এই আচমকা ‘হৃদয় পরিবর্তন’ নিয়ে এখন টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে।