তপ্ত রাজনীতির মাঝেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! গণনার সকালেই আবহাওয়ার মেগা আপডেট, জারি হাই-অ্যালার্ট

রাত পোহালেই বাংলার ভাগ্য নির্ধারণ। ইভিএম-বন্দি জনমত আর কয়েক ঘণ্টা পরেই জনসমক্ষে আসবে। কিন্তু উত্তপ্ত রাজনীতির এই আবহেই এবার চোখ রাঙাচ্ছে প্রকৃতি। হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল ৪ মে, সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাতে পারে কালবৈশাখী। সেই সঙ্গে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

তপ্ত বাংলায় বৃষ্টির স্বস্তি নাকি দুর্ভোগ? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভোট গণনার চূড়ান্ত মুহূর্তগুলোতে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে থাকবে, ঠিক তখনই এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি জয়ী প্রার্থীদের বিজয় মিছিলে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

কলকাতার আবহাওয়া কলকাতাতেও কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। শহরের আকাশে দুপুরের পর থেকে মেঘের আনাগোনা বাড়বে। গুমোট গরম থেকে সাময়িক রেহাই মিললেও, বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজয় মিছিলে নিষেধাজ্ঞার সাথে প্রকৃতির বাধা নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই নির্বাচন কমিশন গণনাকেন্দ্রের আশেপাশে কড়াকড়ি জারি করেছে। তার ওপর প্রকৃতির এই খামখেয়ালি মেজাজ রাজনৈতিক কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ঝড়ের আশঙ্কায় প্যান্ডেল বা খোলা জায়গায় তৈরি অস্থায়ী অফিসগুলো নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তা মৎস্যজীবী এবং সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল গণনাকেন্দ্রের বাইরে ভিড় করা সমর্থকদের ছাতা বা রেইনকোট সাথে রাখার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর।

বাংলার মসনদে কে বসবে তা যেমন কালকের বড় খবর, তেমনই কালবৈশাখী ঝড়ের ঝাপটা কালকের দিনটিকে আরও ঘটনাবহুল করে তুলতে পারে। আবহাওয়া সংক্রান্ত প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজে।