গণনার দিনেই প্রকৃতির তাণ্ডব! সোমবার ঝেঁপে নামছে কালবৈশাখী, ভোটের রেজাল্টে কি জল ঢালবে বৃষ্টি?

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফলের অপেক্ষায় যখন গোটা রাজ্য ফুটছে, ঠিক তখনই এক বিস্ফোরক আবহাওয়া বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সোমবার অর্থাৎ ৪ মে ভোট গণনার দিন রাজ্যের একাধিক জেলায় আছড়ে পড়তে পারে শক্তিশালী কালবৈশাখী। ইভিএমের লড়াই যখন ক্লাইম্যাক্সে পৌঁছাবে, ঠিক সেই মুহূর্তেই কি প্রকৃতির তাণ্ডবে ওলটপালট হবে জনজীবন?
সোমবারের আবহাওয়া: গণনার দিনে বড় বিপর্যয়? হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার মেজাজ বিগড়োতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কালবৈশাখীর দাপটে গণনাকেন্দ্রের বাইরে থাকা রাজনৈতিক কর্মীদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির ভ্রুকুটি: শুদু দক্ষিণ নয়, উত্তরবঙ্গের ছবিটাও বেশ উদ্বেগজনক। দার্জিলিং থেকে মালদা—সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবি ও সোমবার এই দুই দিন উত্তরের জেলাগুলোতে দুর্যোগের মাত্রা সবথেকে বেশি থাকতে পারে।
সপ্তাহান্তের পূর্বাভাস:
-
শনিবার: বৃষ্টির দাপট সামান্য কমলেও আকাশ মেঘলা থাকবে।
-
রবিবার: ফের বাড়বে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নতুন করে কালবৈশাখীর সতর্কতা থাকছে।
-
আগামী বুধবার পর্যন্ত: বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির এই সিলসিলা বজায় থাকবে রাজ্য জুড়ে।
উত্তাপ না কি স্বস্তি? ভোট গণনার টেনশনের মাঝেই বৃষ্টির এই আগমন একদিকে যেমন দহনজ্বালা থেকে মুক্তি দেবে, অন্যদিকে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট বা গণনাকেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কাও থাকছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ—দুর্যোগের সময় নিরাপদ স্থানে থাকাই শ্রেয়।