‘আমরা দেখছি পরিবর্তন হচ্ছে…’ জেলায় জেলায় হিংসা ছড়াতেই বিস্ফোরক আরএন রবি! তোলপাড় রাজ্য

বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার মাটি। ভোট মিটলেও জেলায় জেলায় শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। রাজ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার মুখ খুললেন রাজ্যপাল আরএন রবি। সরাসরি অশান্তির নিন্দা করে তিনি জানিয়ে দিলেন, আধুনিক ভারতে ‘হিংসার বিষ’-এর কোনো জায়গা হতে পারে পারে না।
শান্তির বার্তা রাজ্যপালের: কলকাতায় এক অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যপাল বলেন, “আমরা দেখছি পরিবর্তন হচ্ছে। এই ভারতকে শ্রেষ্ঠ বানাতে আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি স্পষ্ট জানান যে, বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো সমস্যার সমাধানই হিংসার মাধ্যমে সম্ভব নয়। অহিংসার পথেই প্রকৃত সমাধান লুকিয়ে আছে বলে তিনি মনে করেন।
বিকশিত ভারত ও আগামীর লক্ষ্য: হিংসার আবহেও রাজ্যপালের বক্তব্যে উঠে এসেছে ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যমাত্রা। তিনি বলেন, “স্বাধীনতার ১০০ বছরে ভারত যখন পদার্পণ করবে, তখন আমাদের শ্রেষ্ঠ ভারত সারা বিশ্বকে পথ দেখাবে। আমরা এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছি।” তাঁর মতে, হিংসা ভুলে উন্নয়নের পথে হাঁটলেই বিকশিত ভারতের নির্মাণ সম্ভব।
প্রেক্ষাপট: উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যের একাধিক বুথ থেকে ইভিএম জালিয়াতি ও অশান্তির খবর সামনে এসেছে। কোথাও বুথে ব্ল্যাকটেপ লাগানো, আবার কোথাও পুনর্নির্বাচনের দাবি উঠেছে। এরই মধ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।