অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ‘কিং খান’-এর নাম! কোন বলিউড ছবি দেখে ফিদা এই দাপুটে নেতা?

বলিউড মানেই এখন শুধু ভারত নয়, গ্লোবাল আইকন। দুবাইয়ের বুর্জ খলিফা থেকে সিডনির অপেরা হাউস—সর্বত্রই শাহরুখ খানের জাদু অমলিন। কিন্তু সাধারণ ভক্ত নয়, এবার খোদ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের মুখে শোনা গেল ‘বাদশা’র জয়গান। প্রকাশ্যেই তিনি জানালেন, তিনি বলিউড সুপারস্টার শাহরুখ খানের একনিষ্ঠ অনুরাগী।

শাহরুখ প্রেমে মজেছেন টনি বার্ক
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী এই রাজনৈতিক ব্যক্তিত্ব। সেখানে নিজের ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলতে গিয়ে অবলীলায় বলিউডের প্রতি তাঁর টানের কথা জানান বার্ক। তিনি সরাসরি বলেন, “আমি শাহরুখ খানের একজন বড় ভক্ত, তাই আলোচনাটা এটা দিয়েই শুরু হোক।” শুধু শাহরুখের অভিনয় নয়, বিশ্বনন্দিত সংগীত পরিচালক এ আর রহমানের সুরের জাদুতেও তিনি মুগ্ধ বলে জানিয়েছেন।

‘চাক দে ইন্ডিয়া’ বনাম ‘লগান’
কথাপ্রসঙ্গে উঠে আসে শাহরুখ অভিনীত কালজয়ী সিনেমা ‘চাক দে ইন্ডিয়া’-র কথা। সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেনের মতো অস্ট্রেলিয়ার পরিচিত শহরগুলোতে এই ছবির শুটিং হয়েছিল বলে সিনেমাটি বার্কের খুব পছন্দের। তবে পডকাস্টের সঞ্চালক যখন মজা করে জানতে চান, সিনেমার ক্লাইম্যাক্সে ভারত বনাম অস্ট্রেলিয়া হকি ম্যাচে তিনি কাকে সমর্থন করেছিলেন, তখন মন্ত্রী হেসে কৌশলী উত্তর দেন। তিনি জানান, হকি ম্যাচে কী করেছিলেন তা খোলসা না করলেও, আমির খানের ‘লগান’ দেখার সময় কিন্তু তিনি মন থেকে ভারতের জয়ই চেয়েছিলেন।

সব ছবির সেরা ‘ওম শান্তি ওম’
হৃত্বিক রোশন ও ঐশ্বর্য রাই বচ্চনের ‘যোধা আকবর’ সিনেমাটিকে একটি ‘সুন্দর মহাকাব্যিক চলচ্চিত্র’ হিসেবে বর্ণনা করেছেন টনি বার্ক। তবে সব ছবিকে টেক্কা দিয়েছে দীপিকা পাড়ুকোনের ডেবিউ ফিল্ম ‘ওম শান্তি ওম’। ফারাহ খান পরিচালিত এই ছবিটি তাঁর মনের মণিকোঠায় বিশেষ স্থান করে নিয়েছে। বার্কের ভাষায়, এটি তাঁর “সর্বকালের প্রিয় চলচ্চিত্র”।

বিদেশের মাটিতে ভারতীয় সিনেমা ও সংস্কৃতির এই জয়জয়কার প্রমাণ করে দিচ্ছে যে, শিল্পের কোনও সীমানা হয় না। একজন দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও টনি বার্কের এই ‘বলিউড প্রেম’ এখন নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।