আবারও মা হচ্ছেন দীপিকা! এরই মাঝে সেরে ফেললেন নতুন ছবির শ্যুটিং? বড়পর্দায় ফিরছে সেই ‘ভিরোনিকা

বলিউড পাড়ায় এখন একটাই আলোচনা— কোথায় হারালেন দীপিকা পাড়ুকোন? মা হওয়ার পর মেয়ে দুয়াকে সময় দিতে একের পর এক বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এমনকি ‘কল্কি’র মতো মেগা ব্লকব্লাস্টারের সিক্যুয়েল থেকেও দীপিকা সরে আসায় তাঁর ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। কিন্তু এরই মাঝে এল এক বিস্ফোরক তথ্য— দীপিকা নাকি ইতিমধ্যেই সেরে ফেলেছেন তাঁর পরবর্তী ছবির শ্যুটিং!
ফিরছে ‘ককটেল’-এর জাদু? ২০১২ সালে ‘ককটেল’ ছবিতে ‘ভিরোনিকা’র চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন দীপিকা। বলিপাড়ার জোরালো গুঞ্জন, ম্যাডক ফিল্মস এই সুপারহিট ছবির সিক্যুয়েল আনতে চলেছে। সম্প্রতি দীপিকাকে ম্যাডক ফিল্মসের অফিসে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, মা হওয়ার জন্য বিরতি নেওয়ার আগেই নাকি এই ছবির অনেকটা শ্যুটিং শেষ করে রেখেছেন অভিনেত্রী।
দ্বিতীয়বার মা হওয়ার খবর ও ক্যারিয়ার জল্পনা: সম্প্রতি দীপিকা জানিয়েছেন তিনি আবারও মা হতে চলেছেন। মেয়ে দুয়া একটু বড় হতে না হতেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁর ক্যারিয়ারে ফেরা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিল। অনেকেই ভাবছিলেন, তবে কি আরও কয়েক বছর পর্দায় দেখা যাবে না রণবীর-ঘরনিকে? কিন্তু ‘ককটেল ২’-এর খবর সেই আশঙ্কায় জল ঢেলে দিয়েছে।
জুন মাসেই কি বড় চমক? সূত্রের খবর, চলতি বছরের জুন মাসেই মুক্তি পেতে পারে এই বহুল প্রতীক্ষিত ছবি। যদি এই খবর সত্যি হয়, তবে দীর্ঘ বিরতির পর আবারও সেই চেনা ‘ভিরোনিকা’ ইমেজে দীপিকাকে বড়পর্দায় দেখতে পাবেন ভক্তরা। যদিও প্রযোজনা সংস্থা বা অভিনেত্রীর তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কেন পিছিয়ে যাচ্ছিলেন দীপিকা? মেয়ের বড় হওয়ার প্রতিটা মুহূর্ত নিজে হাতে সামলাতে চান দীপিকা। শোনা যায়, দিনে মাত্র ৮ ঘণ্টা কাজ করার শর্ত এবং দীর্ঘ বিরতির কারণেই অনেক বড় ছবি তাঁর হাতছাড়া হয়েছে। তবে ‘ককটেল’-এর হাত ধরে তাঁর এই প্রত্যাবর্তন বলিউডে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
সব মিলিয়ে, ব্যক্তিগত জীবনের সুখবর আর ক্যারিয়ারের নতুন মোড়— দুইয়ে মিলে দীপিকা পাড়ুকোন এখন খবরের শিরোনামে।