ভারতীয় যুবকদের জন্য বিদেশের দরজা অবারিত! কালই স্বাক্ষরিত হচ্ছে ২০ বিলিয়ন ডলারের মেগা চুক্তি!

আগামীকাল, ২৭শে এপ্রিল ভারতের অর্থনীতির ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। দিল্লির ভারত মণ্ডপমে নিউজিল্যান্ডের সঙ্গে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করতে চলেছে ভারত। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকলের উপস্থিতিতে এই চুক্তির ফলে মধ্যবিত্তের পকেট থেকে শুরু করে বেকার যুবকদের ক্যারিয়ার— সব ক্ষেত্রেই আসতে চলেছে বড় চমক।
সস্তা হচ্ছে বিদেশি শৌখিন পণ্য
আপনি কি বিদেশি ওয়াইন, ব্লুবেরি বা অ্যাভোকাডোর ভক্ত? তবে আপনার জন্য সুখবর!
-
নিউজিল্যান্ড থেকে আসা ফলের উপর আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমছে।
-
উল, কয়লা এবং কাঠের মতো প্রয়োজনীয় পণ্যের দামও কমতে পারে।
-
নিউজিল্যান্ডের ৯৫ শতাংশেরও বেশি পণ্য এখন প্রায় বিনাশুল্কে ভারতে প্রবেশের সুযোগ পাবে।
ভারতীয় তরুণদের জন্য ৫,০০০ ‘জব ভিসা’!
চাকরিপ্রার্থীদের জন্য এই চুক্তিতে রয়েছে সবচেয়ে বড় উপহার। নিউজিল্যান্ড প্রতি বছর ভারতীয় পেশাদারদের জন্য ৫,০০০ বিশেষ ভিসার কোটা বরাদ্দ করেছে। আইটি বিশেষজ্ঞ ও প্রতিভাবান যুবকরা সেখানে ৩ বছর পর্যন্ত থেকে কাজ করার সুযোগ পাবেন। বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা তরুণদের জন্য এটি এক বিরাট সুযোগ।
কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত
সরকার যেমন আমদানিতে ছাড় দিচ্ছে, তেমনই দেশীয় কৃষকদের রক্ষায় নিয়েছে কঠোর অবস্থান। নিউজিল্যান্ড দুগ্ধজাত পণ্যে বিশ্বসেরা হলেও, ভারতের দুধ, পনির, দই ও ক্রিমকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। এছাড়াও পেঁয়াজ, চিনি ও মশলার মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোকেও ছাড় দেওয়া হয়নি, যাতে স্থানীয় চাষিরা ক্ষতিগ্রস্ত না হন।
২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ লক্ষ্যমাত্রা
বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২.৪ বিলিয়ন ডলার। এই চুক্তির হাত ধরে আগামী ৫ বছরে বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামী ১৫ বছরে ভারতে প্রায় ২০ বিলিয়ন ডলারের (প্রায় ১.৬ লক্ষ কোটি টাকা) বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যা কর্মসংস্থানের নতুন জোয়ার আনবে।