ধোনি কি তবে অবসর নিলেন? CSK-র টিম বাসে নেই মাহি, IPL নিয়ে জল্পনা তুঙ্গে

আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংস (CSK) মানেই গ্যালারি ভর্তি ‘ধোনি… ধোনি’ চিৎকার। কিন্তু সেই মাহিই এখন উধাও! মাঠের বাইরে থাকতে থাকতে ধৈর্য চ্যুতি ঘটছে সমর্থকদের। কেউ কেউ তো আশঙ্কা করছেন, নিঃশব্দে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন কুল। রবিবারের ম্যাচে গুজরাত টাইটানসের (GT) বিরুদ্ধে ধোনির অনুপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢালল।

টিম বাসে নেই মাহি, নেই প্রথম একাদশেও ম্যাচ শুরুর আগে থেকেই গুঞ্জন ছিল যে ধোনিকে টিম বাসে দেখা যায়নি। দল ঘোষণার পর দেখা গেল, শুধু প্রথম একাদশ নয়, ইমপ্যাক্ট সাবস্টিটিউটের তালিকাতেও নেই মহেন্দ্র সিং ধোনি। প্রাথমিকভাবে চোটের কারণে প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা থাকলেও সেই সময়সীমাও পার হয়ে গিয়েছে। ব্যাটিং কোচ মাইকেল হাসি তাঁর উন্নতির কথা বললেও বাস্তবে মাঠে ফেরার কোনো লক্ষণ নেই মাহির।

ক্যাপ্টেনের রহস্যময় নীরবতা ধোনির ফিটনেস বা দলে না থাকা নিয়ে টসের সময় একটি শব্দও খরচ করেননি সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। কেন তিনি নেই, বা কবে ফিরবেন— সেই ধোঁয়াশা কাটানোর কোনও চেষ্টাই করেনি ফ্র্যাঞ্চাইজি। ফলে ধোনির ভবিষ্যৎ নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

ধোনিহীন চেন্নাইয়ের হার মাঠে ধোনির অনুপস্থিতির প্রভাব কি স্কোরেও পড়ল? গুজরাতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১৫৮ রানেই আটকে যায় চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড ৬০ বলে ৭৪ রানের এক লড়াকু ইনিংস খেললেও বাকিরা ছিলেন ব্যর্থ। কেউই ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে দাপুটে জয় ছিনিয়ে নেয় শুভমান গিলের গুজরাত টাইটানস।

দুই দলের একাদশ এক নজরে:

  • চেন্নাই সুপার কিংস: সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড (অধিনায়ক), উরভিল প্যাটেল, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, জেমি ওভারটন, আকিল হোসেইন, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং।

  • গুজরাত টাইটানস: শুভমান গিল (অধিনায়ক), বি সাই সুধারসন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, জেসন হোল্ডার, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, মানব সুথার।

চেন্নাইয়ের পরবর্তী ম্যাচেও কি মাহি ফিরবেন? নাকি এই মরসুমেই চিরতরে ইতি ঘটবে ‘থালা’ ম্যাজিকের? উত্তরের অপেক্ষায় কোটি কোটি ক্রিকেট ভক্ত।