টানা ২৪ দিনের রহস্যের অবসান! দিল্লির বন্ধুর ডেরায় পরিচালক উৎসব, স্বামীকে উদ্ধার করতে একা ছুটছেন মৌপিয়া!

টানটান উৎকণ্ঠা আর দীর্ঘ ২৪ দিনের দুঃস্বপ্নের অবসান। অবশেষে খোঁজ মিলল টলিউডের নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। গত ২ এপ্রিল বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা হয়ে যাওয়া এই পরিচালকের হদিশ মিলল সুদূর দিল্লিতে। রবিবার সকালে খোদ তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই স্বস্তির খবরটি ভাগ করে নিয়েছেন।

বন্ধুর ডেরায় পরিচালক, রহস্যে মোড়া ফোন মৌপিয়া জানান, উৎসব বর্তমানে দিল্লিতে তাঁর এক বন্ধুর আশ্রয়ে রয়েছেন। রবিবার সকালে আনন্দপুর থানা থেকে তাঁকে ডেকে পাঠানো হয়। থানায় যাওয়ার পথেই উৎসবের সেই বন্ধুর ফোন পান মৌপিয়া। জানা যায়, পরিচালক সুস্থ থাকলেও মানসিকভাবে বেশ বিদ্ধস্ত। সোশ্যাল মিডিয়ায় মৌপিয়া লিখেছেন, “উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে। আমি নিজে দিল্লি যাচ্ছি ওকে ফিরিয়ে আনতে। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে জানি না, দয়া করে আমাদের একটু সময় দিন।”

লালবাজারের মৌনতা ও পুলিশের নিষেধাজ্ঞা পরিচালকের ফিরে পাওয়ার খবরে যেমন স্বস্তি রয়েছে, তেমনই দানা বেঁধেছে ঘনীভূত রহস্য। মৌপিয়ার দাবি, লালবাজার বা পুলিশ প্রশাসন উৎসবের অবস্থান নিয়ে আগে থেকেই ওয়াকিবহাল ছিল। কিন্তু গত ২৪ দিন উৎসব কেন নিরুদ্দেশ ছিলেন বা কেন তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি, সে বিষয়ে মুখ খুলতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এমনকি তিনি ঠিক কোথায় আছেন, তা বিস্তারিত জানাতেও বারণ করা হয়েছে।

পুরানো সেই ২ এপ্রিলের স্মৃতি গত ২ এপ্রিল আনন্দপুরের ফ্ল্যাট থেকে নিমতার ব্যাঙ্কে যাবেন বলে বেরিয়েছিলেন উৎসব। দুপুরে মৌপিয়ার সঙ্গে ফোনে কথাও হয় তাঁর। জানিয়েছিলেন, ব্যাঙ্কের কাজ সারছেন। কিন্তু তারপর থেকেই ফোন সুইচড অফ হয়ে যায়। আত্মীয়হীন মৌপিয়া গত কয়েক সপ্তাহ ধরে একা লড়াই চালিয়ে গিয়েছেন পুলিশের দ্বারে দ্বারে।

দিল্লির পথে একলা মৌপিয়া স্বামীর খোঁজ মেলায় কিছুটা আশ্বস্ত হলেও মৌপিয়ার মনে এখন হাজারো প্রশ্ন। উৎসব কেন এভাবে ঘর ছাড়লেন? দিল্লির বন্ধুর বাড়ি পর্যন্ত তিনি পৌঁছলেনই বা কী করে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আপাতত বিমানে দিল্লির পথে মৌপিয়া। স্বামীকে উদ্ধার করে কলকাতায় ফেরার পরেই সম্ভবত এই ‘নিখোঁজ’ রহস্যের জট পুরোপুরি খুলবে।