ভবানীপুরে হাইভোল্টেজ সংঘাত! গতকাল যেখানে মেজাজ হারিয়েছিলেন মমতা, আজ সেখানেই ফিরছেন তৃণমূলনেত্রী?

ভোটের ঠিক আগে শেষ রবিবারের মেগা লড়াইয়ে উত্তপ্ত ভবানীপুর। গতকালের সেই স্মৃতি আর উত্তজনা সঙ্গী করেই আজ ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়। যে চক্রবেড়িয়ায় গতকাল সভা না করেই মঞ্চ ছেড়েছিলেন তিনি, আজ সেই চেনা মাটি থেকেই নিজের ‘শক্তি প্রদর্শন’ শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। শুভেন্দু অধিকারীর পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে ভবানীপুরের অলিগলি এখন রাজনৈতিক পারদ চড়াতে ব্যস্ত।
কালকের ক্ষোভ, আজকের চ্যালেঞ্জ শনিবার সন্ধ্যায় চক্রবেড়িয়ায় সভা করতে গিয়েও ফিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ ছিল, তৃণমূলের সভাস্থলের কাছেই ইচ্ছাকৃতভাবে তারস্বরে মাইক বাজিয়ে বিজেপির সভা চলছিল। সেই ‘অসম্মান’ মেনে নিতে না পেরে মেজাজ হারিয়ে মঞ্চ ছাড়েন মমতা। তবে আজ সেই চক্রবেড়িয়া মোড় থেকেই পদযাত্রা শুরু করে কড়া জবাব দিলেন তিনি। এদিন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মমতা। আত্মবিশ্বাসের সুরে তাঁকে বলতে শোনা যায়, “আমি আছি। আপনাদের সঙ্গেই আছি। আমি বারবার আসব। আপনাদের সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে।”
পুরোদমে প্রচারের ময়দানে শুভেন্দু বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও আজ ভবানীপুর চষে বেড়াচ্ছেন। ৭৩ নম্বর ওয়ার্ডের পটুয়াপাড়ায় পথসভা করে তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরানোর মরিয়া চেষ্টা চালান তিনি। ভোটের শেষ রবিবারে ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে এখন দুই হেভিওয়েটের হাই-ভোল্টেজ টক্কর।
তৃণমূলের প্রচার নকশা তৃণমূল সূত্রে খবর, আজ ভবানীপুরের ৬৩, ৭০, ৭২, ৭৩ এবং ৭৭ নম্বর ওয়ার্ড জুড়ে ম্যারাথন প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এই পদযাত্রা আসলে মমতার পালটা চ্যালেঞ্জ। ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা পরিষ্কার— তিনি কেবল প্রার্থী নন, তিনি এই মাটিরই ঘরের মেয়ে।
ভোটের লড়াইয়ে কার পাল্লা ভারী থাকবে ভবানীপুরে? চক্রবেড়িয়ার আজকের এই ভিড় কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? নজর থাকছে সেদিকেই।