ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে এলোপাথাড়ি গুলি! ‘গণতন্ত্রে হিংসার স্থান নেই’, কড়া নিন্দা প্রধানমন্ত্রী মোদীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এক হাই-প্রোফাইল নৈশভোজে বন্দুকবাজের হামলায় রণক্ষেত্র হয়ে উঠল ওয়াশিংটন ডিসির হিলটন হোটেল। শনিবার রাতের এই চাঞ্চল্যকর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলার নিন্দা জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।”
ঠিক কী ঘটেছিল?
শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে বার্ষিক ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার’ (WHCA) চলাকালীন হঠাতই গুলির শব্দ শোনা যায়। হোটেলের ম্যাগনেটোমিটার স্ক্রিনিং এরিয়ার কাছে প্রায় ৪ থেকে ৫ রাউন্ড গুলি চলে। সেই সময় মূল সভাকক্ষে ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ট্রাম্প ও তাঁর স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় এক সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে তাঁর প্রাণ রক্ষা পেয়েছে।
মোদীর প্রতিক্রিয়া:
ঘটনার পরই এক্স (X) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “ওয়াশিংটন ডিসির এক হোটেলে সাম্প্রতিক ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত রয়েছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। আমি তাঁদের সুস্বাস্থ্য কামনা করি। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই এবং এই ঘটনার তীব্র নিন্দা হওয়া উচিত।” হামলাকারী কে?
হামলার পর ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছে একটি শটগান, হ্যান্ডগান এবং বেশ কিছু ছুরি পাওয়া গেছে। ঘটনার পর ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন, যেখানে হামলাকারীকে নিস্তেজ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ট্রাম্প ওই যুবককে ‘অসুস্থ’ বলে অভিহিত করেছেন।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন:
ভরা মজলিসে কীভাবে নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে একজন বন্দুকবাজ ভেতরে ঢুকে পড়ল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রাম্প এই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছেন। যদিও কয়েকদিন আগেই ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ট্রাম্প, তবে রাজনৈতিক মতভেদ ভুলে এই চরম সঙ্কটে তাঁর পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে মানবিকতার পরিচয় দিলেন প্রধানমন্ত্রী মোদী।