“১০ হাজার টাকায় প্রশ্নপত্র?” নিট পরীক্ষার্থীরা সাবধান! টেলিগ্রাম কাণ্ডে এবার অ্যাকশনে নামছে কেন্দ্রীয় সংস্থা

আগামী ৩ মে দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET UG 2026)। কিন্তু পরীক্ষার আগেই মাথাচাড়া দিয়ে উঠেছে প্রশ্নপত্র ফাঁসের গুজব। বিশেষ করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মে বেশ কিছু অসাধু চক্র দাবি করছে যে, তাদের কাছে নিটের আসল প্রশ্নপত্র রয়েছে। এমনকি মোটা টাকার বিনিময়ে সেই প্রশ্নপত্র বিক্রির অফারও দেওয়া হচ্ছে। এই ভাইরাল বার্তার সত্যতা যাচাই করে বড়সড় সতর্কবার্তা জারি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।

পুরোটাই জাল, দাবি NTA-র সম্প্রতি এনটিএ (NTA) একটি অফিসিয়াল নোটিশ জারি করে জানিয়েছে, টেলিগ্রামে প্রশ্নপত্র ফাঁসের যে খবর ঘুরছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে যে, নিটের মতো উচ্চমানের গোপনীয়তা বজায় রাখা পরীক্ষার প্রশ্নপত্র এভাবে ফাঁস হওয়া সম্ভব নয়। পড়ুয়া এবং অভিভাবকদের বিভ্রান্ত করতে এবং টাকা হাতিয়ে নিতেই জালিয়াতরা এই ধরনের ‘ফেব্রিক্টেড’ বা সাজানো প্রশ্নপত্র ছড়িয়ে দিচ্ছে।

১০ হাজার টাকার ফাঁদ! তদন্তে জানা গিয়েছে, বেশ কিছু টেলিগ্রাম চ্যানেলে ‘NEET 2026 Paper’ নাম দিয়ে গ্রুপ খোলা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, অগ্রিম ১০ হাজার টাকা দিলেই মিলবে প্রশ্নপত্র। এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রগুলি মূলত পরীক্ষার্থীদের মানসিক চাপ এবং উদ্বেগকে কাজে লাগিয়ে প্রতারণা করছে। সংস্থার পক্ষ থেকে এই ধরনের গ্রুপগুলির বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন:

  • অফিসিয়াল সাইটে নজর: নিট সংক্রান্ত যেকোনো খবরের জন্য শুধুমাত্র neet.nta.nic.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

  • টাকা লেনদেনে না: প্রশ্নপত্রের লোভে কোনো ব্যক্তি বা অনলাইন গ্রুপকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • গুজবে কান নয়: সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কোনো পিডিএফ বা লিঙ্কে ক্লিক করতে নিষেধ করেছে এনটিএ।

কড়া নিরাপত্তা ও নয়া নিয়ম উল্লেখ্য, গত বছরের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার নিট পরীক্ষায় নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে থাকছে বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত নজরদারি। আগামী ৩ মে দুপুর ২টো থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত কলম ও কাগজ (OMR) মোডে এই পরীক্ষা সম্পন্ন হবে।

এনটিএ-র বার্তা, “কঠোর পরিশ্রমের ওপর ভরসা রাখো, শর্টকাট বা জালিয়াতির ফাঁদে পড়ে জীবন নষ্ট করো না।”