দুই ভাইয়ের এক স্ত্রী! কোল আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান, মনে আছে হিমাচলের সেই ‘অদ্ভুত’ বিয়ে?

মনে পড়ে সেই ভাইরাল বিয়ের কথা? এক বছরেরও বেশি সময় আগে হিমাচল প্রদেশের সিরমৌর জেলার দুই ভাইয়ের একই মহিলাকে বিয়ে করার খবর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। ২০২৫ সালের সেই চর্চিত ‘সিরমৌরি জোড়িদার’ পরিবারে এবার এল এক খুশির জোয়ার। দুই ভাই— কপিল ও প্রদীপের ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান।

দুই ভাই ও এক সুখবর: দুই ভাইয়ের স্ত্রী সুনিতা চৌহান সম্প্রতি এই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে বাহরাইনে কর্মরত কপিল নেগি সোশ্যাল মিডিয়ায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তিনি লিখেছেন, এক মিষ্টি অতিথির আগমনে তাঁদের পরিবার আজ পূর্ণতা পেল। আগে বাড়ির জন্য তেমন মন কেমন না করলেও, এখন বিদেশে বসে সারাক্ষণ তাঁর মনে হচ্ছে— কখন বাড়ি ফিরে একরত্তিকে কোলে নেবেন!

অন্যদিকে, হিমাচলের জল শক্তি দপ্তরে কর্মরত ছোট ভাই প্রদীপও সোশ্যাল মিডিয়ায় এই আনন্দ ভাগ করে নিয়েছেন। তিনি সকলকে অনুরোধ করেছেন যেন কেউ সন্তানের লিঙ্গ নিয়ে ভুল তথ্য না ছড়ায়। তাঁর সাফ কথা, “ছেলে বা মেয়ে—উভয়ই আমাদের কাছে সমান আশীর্বাদ।”

কেন এই ‘অদ্ভুত’ প্রথা? ২০২৫ সালের ১৩ মার্চ শিল্লাইয়ে দুই ভাইয়ের এই বিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। হিমাচলের সিরমৌর জেলার ‘হট্টি’ সম্প্রদায়ের মধ্যে এই ‘সিরমৌরি জোড়িদার’ প্রথা বহু প্রাচীন। মূলত পারিবারিক সম্পত্তি যাতে ভাগ হয়ে না যায় এবং পরিবারের বন্ধন যাতে অটুট থাকে, সেই লক্ষ্যেই ভাইয়েরা মিলে একই স্ত্রীকে বিয়ে করেন।

পেশা ও পারিবারিক বন্ধন: বড় ভাই কপিল সুদূর বাহরাইনে নামী শেফ হিসেবে কর্মরত। আর ছোট ভাই প্রদীপ সরকারি চাকুরে। গত বছর ক্যানসারে তাঁদের বাবার মৃত্যু হওয়ায় শোকের ছায়া নেমেছিল পরিবারে। তবে নতুন অতিথির আগমনে সেই মেঘ কেটে এখন পাহাড়ের কোলে শুধুই খুশির আমেজ।

আধুনিক যুগে এই প্রাচীন প্রথা নিয়ে নেটপাড়ায় বিতর্কের শেষ নেই, তবে কপিল-প্রদীপ-সুনিতার কাছে এই কন্যাসন্তান তাঁদের জীবনের এক বিশেষ মাইলফলক এবং ভালোবাসার পূর্ণতা।

Samrat Das
  • Samrat Das