AC-কি অস্বাভাবিক গরম হচ্ছে? বড় বিপদ ঘটার আগে চিনে নিন এই ৫টি সতর্ক সংকেত

ক্যালেন্ডারের পাতায় বৈশাখ না আসতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। গরমে স্বস্তি পেতে অনেক ঘরেই ইতিমত্যে নিয়মিত চলতে শুরু করেছে এসি (AC)। কিন্তু আরামের এই যন্ত্রটিই হয়ে উঠতে পারে প্রাণঘাতী, যদি না নেওয়া হয় সঠিক যত্ন। সামান্য অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণ। নিরাপদ থাকতে এসির কিছু ‘ডেঞ্জার সাইন’ বা সতর্ক সংকেত আগেভাগেই চিনে রাখা জরুরি।
১. অতিরিক্ত উত্তপ্ত কম্প্রেসর
এসির প্রাণ হলো এর কম্প্রেসর। যদি দেখেন আপনার এসির আউটার ইউনিট বা কম্প্রেসর স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে যাচ্ছে, তবে বিষয়টি একদম হালকাভাবে নেবেন না। এটি বড় কোনো যান্ত্রিক ত্রুটির লক্ষণ হতে পারে। এমন অবস্থায় দ্রুত অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করানোই বুদ্ধিমানের কাজ।
২. আউটার ইউনিটের সঠিক অবস্থান
আপনার এসির আউটার ইউনিটটি কি সরাসরি কড়া রোদে থাকে? প্রচণ্ড রোদে মেশিন দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে, যা যন্ত্রাংশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং কার্যক্ষমতা কমিয়ে দেয়। সম্ভব হলে আউটার ইউনিটটি ছায়াযুক্ত স্থানে স্থাপন করুন অথবা প্রটেক্টিভ কভার ব্যবহার করুন।
৩. ভোল্টেজ ফ্লাকচুয়েশন ও স্ট্যাবিলাইজার
বিদ্যুতের ওঠানামা এসির অভ্যন্তরীণ সার্কিটের বড় শত্রু। হঠাৎ ভোল্টেজ বেড়ে বা কমে গেলে মেশিনে আগুন ধরার ঝুঁকি থাকে। তাই নিরাপত্তার খাতিরে একটি ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি।
৪. গ্যাস লিক শনাক্ত করুন
আউটার ইউনিটের পাইপে কি তেলতেলে বা চিটচিটে কিছু দেখতে পাচ্ছেন? এটি গ্যাস লিকের স্পষ্ট ইঙ্গিত। গ্যাস লিক হলে এসির কুলিং ক্ষমতা কমে যায় এবং কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। এমন লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
৫. অস্বাভাবিক শব্দ ও পোড়া গন্ধ
এসি চলার সময় হঠাৎ কি ক্যাঁচক্যাঁচ বা অস্বাভাবিক কোনো শব্দ হচ্ছে? কিংবা ঘর ঠান্ডা হওয়ার বদলে নাকে আসছে পোড়া গন্ধ? এমনটি হলে এক মুহূর্ত দেরি না করে সুইচ বন্ধ করে দিন এবং মেইন প্লাগ খুলে ফেলুন। এগুলো বড় ধরনের যান্ত্রিক গোলযোগ বা শর্ট সার্কিটের পূর্বলক্ষণ।