লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা! মাসে ২০০০ টাকা ও ফ্রি বিদ্যুতের ‘ধামাকা’ প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনৈতিক ময়দানে বড়সড় মাস্টারস্ট্রোক দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রায়গঞ্জের জনসভা থেকে রাজ্যের নারীশক্তি, ছাত্রছাত্রী এবং কৃষকদের জন্য একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি ঘোষণা করলেন তিনি। শাসক দল তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাল্টা হিসেবে মহিলারা কংগ্রেসকে ক্ষমতায় আনলে মাসে ২০০০ টাকা করে পাবেন বলে বড় ঘোষণা করেছেন রাহুল।

নিজের এক্স (X) হ্যান্ডেলে পাঁচটি বড় ‘গ্যারান্টি’ বা রোডম্যাপ তুলে ধরে রাহুল গান্ধী জানান, কংগ্রেস ক্ষমতায় এলে ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা এবং জেলা হাসপাতালগুলিতে ক্যানসার ও ডায়ালিসিসের চিকিৎসা বিনামূল্যে করা হবে। শিক্ষাক্ষেত্রে ছাত্রীদের স্নাতকোত্তর পর্যন্ত এবং ছাত্রদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ ফ্রি করার অঙ্গীকার করেছেন তিনি। এছাড়াও, ডিজিটাল বিপ্লবের লক্ষ্যে স্কুলে এআই (AI) শিক্ষা ও জেলা স্তরে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

এদিন রায়গঞ্জের মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন রাহুল। তিনি অভিযোগ করেন, “বাম ও তৃণমূলের জমানায় বাংলার শিল্প ধ্বংস হয়ে গেছে। নরেন্দ্র মোদী যেমন দুর্নীতিগ্রস্ত, তৃণমূলও পিছিয়ে নেই। সারদা ও রোজভ্যালির টাকা গরিব মানুষ আজও ফেরত পাননি।” রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের সমর্থনে দাঁড়িয়ে রাহুল কৃষকদের জন্য বছরে ১৫,০০০ টাকা এবং ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের গ্যারান্টি দেন। গত নির্বাচনে শূন্য হাতে ফেরা কংগ্রেস এবার এই ‘৫ গ্যারান্টি’ অস্ত্রেই হারানো জমি ফিরে পেতে চাইছে।