মধ্যবিত্তের পকেটে স্বস্তি! রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, বাড়বে না ঋণের ইএমআই

মধ্যবিত্তের মাথায় ঋণের বোঝা এখনই বাড়ছে না—নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বৈঠকেই বড় স্বস্তির খবর শোনাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। বুধবার আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন যে, রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হচ্ছে। মোনিটারি পলিসি কমিটির (MPC) দুই দিনের ম্যারাথন বৈঠকের পর ছয় সদস্যের সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গৃহঋণ (Home Loan), গাড়ি বা ব্যক্তিগত ঋণের ইএমআই (EMI) বাড়ার আর কোনও সম্ভাবনা নেই।

বিশ্ব অর্থনীতিতে ইরান-আমেরিকা সংঘাতের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমিত করতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশেষ করে দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আরবিআই এই ঘোষণা করায় ভারতের শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন কেন্দ্রীয় ব্যাঙ্কের মূল লক্ষ্য।

উল্লেখ্য, রেপো রেট হল সেই হার, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্ককে ঋণ দেয়। রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলি সাধারণ গ্রাহকদের ঋণের ওপর সুদের হার বাড়িয়ে দেয়, যার ফলে সাধারণ মানুষের ওপর ইএমআই-এর চাপ বৃদ্ধি পায়। গত বছরের আগস্ট, অক্টোবর এবং চলতি বছরের ফেব্রুয়ারির পর এই নিয়ে টানা চতুর্থবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। যারা নতুন ঘর কেনার পরিকল্পনা করছেন বা যাঁদের মাথার ওপর ঋণের বোঝা রয়েছে, তাঁদের জন্য নতুন বছরের শুরুতেই এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত খবর।