কমিশনের দরজায় চূড়ান্ত অপমান! তৃণমূল প্রতিনিধি দলকে ‘বেরিয়ে যেতে’ বললেন কমিশনার? তোলপাড় দিল্লি

নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত এবার নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেল। বুধবার সকালে দিল্লির নির্বাচন সদনে কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামীর মতো হেভিওয়েট নেতারা উপস্থিত থাকলেও বৈঠকটি অত্যন্ত অপ্রীতিকর মোড় নেয়। কিছুক্ষণের মধ্যেই কমিশনের দপ্তর থেকে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা।

বেরিয়ে আসার পর সংবাদমাধ্যমের সামনে কার্যত রণমূর্তি ধারণ করেন ডেরেক ও’ব্রায়েন। অত্যন্ত ক্ষোভের সঙ্গে তিনি দাবি করেন, আলোচনার মাঝপথেই তৃণমূল সাংসদদের কমিশন দপ্তর থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। তাঁর অভিযোগ, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় এবং একাধিক ইস্যু নিয়ে সরব হওয়াতেই তাঁদের সঙ্গে এই দুর্ব্যবহার করা হয়েছে। রাজ্যের ভোট পরিস্থিতি এবং সিইসি-র ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, এই ‘অপমান’ তাঁরা বিনা যুদ্ধে ছেড়ে দেবেন না। দিল্লির রাজপথে বড়সড় আন্দোলনের ইঙ্গিতও দিয়েছে ঘাসফুল শিবির।