শহরবাসীর উইকেন্ড মাটি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার মিলেনিয়াম পার্ক!

ভোটের উত্তাপে তপ্ত তিলোত্তমা, আর সেই রাজনৈতিক উত্তেজনার বলি হলো কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র মিলেনিয়াম পার্ক। শুক্রবার দুপুর থেকে আচমকাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো গঙ্গার ধারের এই পার্ক ও সংলগ্ন শিপিং জেটি। বিধানসভা নির্বাচনের মুখে নিরাপত্তার স্বার্থেই এই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

মিলেনিয়াম পার্কের ঠিক উল্টোদিকেই অবস্থিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও (CEO)-র দপ্তর। গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের দফায় দফায় বিক্ষোভ এবং কর্মী-সমর্থকদের ভিড়ে এই চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নিচ্ছিল। জমায়েত নিয়ন্ত্রণ করতে এবং সিইও দপ্তরের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। সেই কারণেই তড়িঘড়ি পার্কটি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার দুপুরে পার্কে আসা পর্যটকদেরও দ্রুত বের করে দেওয়া হয় এবং মূল গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা।

নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাঁটো করা হয়েছে তার প্রমাণ মেলে স্ট্র্যান্ড রোড এলাকায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ এলাকায় ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করা হয়েছে। যার ফলে এই চত্বরে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। শুধু তাই নয়, স্ট্র্যান্ড রোডের একটি বিশাল অংশে যান চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়েছে। পর্যটন মরসুমের মাঝপথে এমন সিদ্ধান্তে হতাশ সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মিলেনিয়াম পার্ক এবং জেটি খোলার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।