‘বাংলা আক্রান্ত হলে টার্গেট দিল্লি’, বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ মমতার!

নির্বাচনী উত্তাপে ফুটছে উত্তরবঙ্গ। শুক্রবার রায়গঞ্জ ও হরিরামপুরের জোড়া জনসভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ হুঁশিয়ারি, “বাংলাকে যদি কেউ টার্গেট করার দুঃসাহস দেখায়, তবে আমরাও বসে থাকব না, আমাদের টার্গেট হবে দিল্লি।”
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের হাজারিপাড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ভিনরাজ্য থেকে লোক এনে বাংলার জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “বিহার এবং উত্তরপ্রদেশ থেকে লোক এনে বাংলার ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে, যাতে বাংলার ভূমিপুত্ররা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে।” এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন বলে জানান।
রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, বিজেপি উত্তরবঙ্গকে ভাগ করার নীল নকশা তৈরি করছে। তাঁর দাবি, উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়ি এবং বিহারের কিছু অংশ নিয়ে আলাদা রাজ্য গড়ার পরিকল্পনা করছে কেন্দ্র। তিনি জনগণকে সতর্ক করে বলেন, “বিজেপিকে অ্যাপেনডিক্সের মতো শরীর থেকে বাদ দিয়ে দিন। এরা গণতন্ত্রের চামড়া গুটিয়ে দিতে চায়।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার (SIR প্রসঙ্গ) কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, লোকসভা ভোটের সময় কেন এই প্রক্রিয়া হল না? বিধানসভা ভোটের আগেই কেন বাংলা দখলের এই মরিয়া চেষ্টা? তিনি মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেন, “ভোটের দিন বুথ পাহারা আপনাদেরই দিতে হবে। বহিরাগত গুন্ডারা এলে ঝেঁটিয়ে বিদায় করুন।” এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার ও আবাসের মতো রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি সুকান্ত মজুমদারকেও একহাত নেন। মমতার ডাক, “দেশের অর্থনীতি রসাতলে পাঠিয়েছে বিজেপি, এবার এদের ১০-০ গোলে হারিয়ে মাঠের বাইরে পাঠাতে হবে।”