ভবানীপুরে মেগা শোডাউন! শুভেন্দুর মনোনয়নে পাশে থাকছেন অমিত শাহ, হাজরা থেকে আলিপুর কাঁপাবে বিজেপির মিছিল

ভবানীপুরের মহারণে এবার রণবাদ্যের সুর আরও জোরাল হলো। আজ, বৃহস্পতিবার খাস মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর এই হাইভোল্টেজ মনোনয়ন পর্বে শুভেন্দুর পাশে থেকে শক্তি প্রদর্শন করতে কলকাতায় পৌঁছে গিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতেই তিনি শহরে পা রেখেছেন। আজ দ্বিতীয় দফার ১৪২টি আসনের মনোনয়ন পর্ব শুরু হতেই ভবানীপুর কেন্দ্রকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক পারদ।

বিজেপি সূত্রে খবর, আজ বেলা সাড়ে ১১টা নাগাদ অমিত শাহ হাজরা মোড়ে পৌঁছাবেন। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে এক বিশেষ বার্তা দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে একটি হুডখোলা গাড়িতে করে আলিপুরের দিকে রওনা দেবেন তিনি। এই বর্ণাঢ্য মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। প্রচার গাড়িটি আলিপুর মিউজিয়াম পর্যন্ত যাবে। সেখান থেকে প্রায় ২০০ মিটার পথ পায়ে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছাবেন শুভেন্দু এবং অন্যান্য প্রার্থীরা।

বেলা ১২টা নাগাদ শুভেন্দু অধিকারী তাঁর মনোনয়ন পত্র জমা দেবেন। গোটা প্রক্রিয়াকালে তাঁর সঙ্গেই থাকবেন অমিত শাহ। ভবানীপুর কেন্দ্রটি বরাবরই তৃণমূল সুপ্রিমোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু সেখানে শুভেন্দুর প্রার্থী হওয়া এবং শাহের সশরীরে উপস্থিতি লড়াইকে এক অনন্য মাত্রা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এটি কেবল একটি মনোনয়ন পর্ব নয়, বরং ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এক বিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শন। মনোনয়ন পর্ব শেষ করে আজ বিকেলেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এখন দেখার, হাজরা থেকে আলিপুরের এই ‘শাহী’ মিছিল ভবানীপুরের ভোট সমীকরণে কতটা প্রভাব ফেলে।