মাত্র ২ দফায় শেষ হবে বাংলার ভোট! ২০২৬ বিধানসভা নির্বাচনে একগুচ্ছ বড় বদল আনল কমিশন

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (WB Election 2026) সামনে রেখে একগুচ্ছ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল ভারতের নির্বাচন কমিশন। গত ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পর জানা গিয়েছে, এবার রাজ্যজুড়ে বহু দফায় নয়, বরং মাত্র দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। আগামী ৪ মে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।
নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে ‘মকপোল’-এর নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। নির্দেশ অনুযায়ী, মূল ভোট শুরুর অন্তত দেড় ঘণ্টা আগে অর্থাৎ ভোর ৫:৩০-এর মধ্যে মকপোল শুরু করতে হবে। পোলিং এজেন্টদের জন্য প্রিজাইডিং অফিসার সর্বোচ্চ ১৫ মিনিট অপেক্ষা করবেন। মকপোলের সময় ইভিএম-এ অন্তত ৫০টি ভোট দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ভোটগ্রহণের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। লাইন বড় থাকলে শেষ ব্যক্তিটি ভোট না দেওয়া পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে।