আইপিএল থেকে ছিটকে গেলেন পাথিরানা? কেকেআর শিবিরে তুলকালাম, আসল সত্যি জানালেন কোচ!

আইপিএল ২০২৬-এর উত্তাপের মাঝেই বুধবার হঠাৎই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ল এক বিস্ফোরক খবর— ‘ফিটনেস টেস্টে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন মাথিশা পাথিরানা!’ মুহূর্তের মধ্যে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভাইরাল হওয়া এই পোস্টে কেকেআর সমর্থকদের হৃদস্পন্দন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। তবে কি ১৮ কোটির বাজি মাঠের বাইরেই থেকে যাবে? দিনের শেষে জানা গেল, গোটাটাই ছিল ‘এপ্রিল ফুল’ জোক। কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা দুশ্চিন্তাটা কি আদেও কাটল?
কেকেআরের বোলিং বিভাগে কেন ত্রাহি ত্রাহি রব? নিলামের টেবিলে বেঙ্কি মাইসোর যখন পাথিরানাকে ১৮ কোটি আর মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় ছিনিয়ে নিয়েছিলেন, তখন মনে হয়েছিল কেকেআরের পেস অ্যাটাক হবে টুর্নামেন্টের সেরা। কিন্তু ভাগ্য সহায় হয়নি। রাজনৈতিক কারণে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হয়েছে। অন্যদিকে, হর্ষিত রানা ও আকাশ দীপরা চোটের কবলে। এই অবস্থায় পাথিরানাই ছিলেন কেকেআর ভক্তদের শেষ ভরসা। কিন্তু তিনি এখনও শ্রীলঙ্কায় রিহ্যাব করছেন, দলের সঙ্গে যোগই দেননি।
কী বললেন কোচ অভিষেক নায়ার? বুধবার ইডেনে প্র্যাক্টিসের ফাঁকে পাথিরানার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটালেন কেকেআর কোচ অভিষেক নায়ার। ভাইরাল পোস্টটিকে গুরুত্ব না দিয়ে তিনি জানান, পাথিরানাকে নিয়ে কেকেআর ম্যানেজমেন্টের কাছে স্পষ্ট ধারণা রয়েছে। অভিষেক বলেন, “পাথিরানা তৈরি হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC) ওর ফিটনেস পরীক্ষা নেবে। আমরা নিয়মিত ওদের ফিজিও টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। পাথিরানা কবে কলকাতায় আসবে বা দলের সঙ্গে কোথায় যোগ দেবে, তা নিয়ে আমাদের কাছে স্বচ্ছ রোডম্যাপ আছে।”
কবে মাঠে নামবেন লঙ্কান পেসার? কোচের কথায় আশার আলো দেখছে নাইট শিবির। জানা গিয়েছে, শ্রীলঙ্কা বোর্ড পাথিরানার জন্য বিশেষ প্র্যাক্টিস ম্যাচের আয়োজন করেছে। সেখানে তিনি কেমন বল করছেন এবং ফিটনেস কতটা ধরে রাখতে পারছেন, তার ওপরই নির্ভর করছে আইপিএলের ছাড়পত্র। কেকেআর কোচ আত্মবিশ্বাসী যে, পাথিরানা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হবেন এবং খুব শীঘ্রই বেগুনি-সোনালি জার্সিতে গতির ঝড় তুলবেন। আপাতত ‘এপ্রিল ফুল’ জোকের আতঙ্ক কাটিয়ে আসল পাথিরানার প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে তিলোত্তমা।