টলিউডে শোকের ছায়া! রাহুলের শেষকৃত্য মিটতেই আরেক অভিনেতার মৃত্যু, অবসাদে চরম পথ বাছলেন প্রণব?

টলিউড এখনও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের শোক কাটিয়ে উঠতে পারেনি। সোমবারই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু সেই শোকের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে এল আরও এক দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট না হলেও, অভিনেত্রী অলকানন্দা গুহর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিনোদন জগতে চাঞ্চল্য তৈরি করেছে।
কাজের অভাবে অবসাদ?
অলকানন্দা গুহ ফেসবুকে প্রণব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর শেষ কথোপকথনের কথা তুলে ধরেছেন। প্রণব তাঁকে লিখেছিলেন, “ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন, আমি আর পারছি না। কাজের খুব দরকার।” অলকানন্দা শোকপ্রকাশ করে লিখেছেন, “আমি নিজের কাজে তোমায় ডেকেছিলাম কারণ তুমি ভালো অভিনয় করতে দাদা। বলেছিলাম আরও অনেক কাজ করবে… কিন্তু আজ কী শুনলাম? সব ছেড়ে চলে গেলে?” এই পোস্ট থেকেই ইঙ্গিত মিলছে যে, দীর্ঘদিনের অর্থকষ্ট ও কাজের অভাব হয়তো অভিনেতাকে মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছিল।
রাহুলের ময়নাতদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট:
অন্যদিকে, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই দানা বাঁধছে রহস্য। তমলুক হাসপাতাল সূত্রে খবর, রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গিয়েছে। এমনকি তাঁর খাদ্যনালি ও পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল। চিকিৎসকদের মতে, রাহুলের ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল, যা প্রমাণ করে তিনি অন্তত এক ঘণ্টা জলের নীচে ছিলেন। এই রিপোর্ট সামনে আসতেই শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।
পরিবারের আর্তি:
বিপর্যয়ের এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সন্তান এবং বৃদ্ধা শাশুড়ির কথা ভেবে আমাদের কিছুটা ব্যক্তিগত সময় ও স্বাধীনতা দিন। আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।” পর পর দুই অভিনেতার মৃত্যুতে কার্যত স্তব্ধ টলিপাড়া।