রেকর্ড ভাঙা আয় পূর্ব রেলের! স্ক্র্যাপ বিক্রি করে ঘরে এল ৬০০ কোটিরও বেশি টাকা

২০২৫-২৬ আর্থিক বছরে এক অনন্য সাফল্যের নজির গড়ল পূর্ব রেল। অকেজো এবং পড়ে থাকা স্ক্র্যাপ বা বাতিল লোহা-লক্কড় বিক্রি করে আয়ের সমস্ত পুরনো রেকর্ড ভেঙে দিল এই রেলওয়ে জোন। চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, স্ক্র্যাপ বিক্রি থেকে পূর্ব রেলের কোষাগারে এসেছে ৬০০ কোটি টাকারও বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবর্ষে সর্বোচ্চ আয়ের পরিমাণ ছিল ৫৩৭ কোটি টাকা, যা এবার অনায়াসেই অতিক্রম করে নতুন মাইলফলক তৈরি হয়েছে।

সাফল্যের নেপথ্যে ‘জিরো স্ক্র্যাপ মিশন’:
এই বিশাল সাফল্যের পিছনে রয়েছে পূর্ব রেলের ‘জিরো স্ক্র্যাপ মিশন’। অকেজো সম্পদ জমিয়ে না রেখে তা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে রাজস্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে রেল। পূর্ব রেলের চিফ মেটেরিয়াল ম্যানেজার শ্রী সন্দীপ শুক্লার দক্ষ নেতৃত্বে এবং প্রতিটি স্ক্র্যাপ বিক্রয় ডিপোর ধারাবাহিক প্রচেষ্টায় সারা বছর পরিকল্পিতভাবে নিলাম প্রক্রিয়া চালানো হয়েছে। এর ফলে একদিকে যেমন রেলের জায়গা খালি হয়েছে, অন্যদিকে বিপুল পরিমাণ অর্থ উপার্জিত হয়েছে।

কী বলছেন জেনারেল ম্যানেজার?
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, “স্ক্র্যাপ একটি অকার্যকর সম্পদ হলেও সঠিক সময়ে তা বিক্রি করতে পারলে তা বড় অঙ্কের রাজস্বে রূপান্তরিত হতে পারে। পূর্ব রেল সবসময়ই সঞ্চিত স্ক্র্যাপ দ্রুত নিষ্পত্তির ওপর জোর দিয়েছে।” এই রেকর্ড গড়ার ক্ষেত্রে প্রতিটি বিভাগ ও কর্মশালার সম্মিলিত অবদানকে তিনি সাধুবাদ জানিয়েছেন। রেল কর্তৃপক্ষের মতে, এই সাফল্য পূর্ব রেলের আর্থিক সংযম এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনার প্রতি দায়বদ্ধতাকেই প্রমাণ করে।