কৃষক বন্ধু প্রকল্পে বড় রদবদল! মমতার নতুন নিয়মে এখন সুরক্ষিত থাকবে কৃষকদের গোপন তথ্য

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প ‘কৃষক বন্ধু’-র পোর্টালে কৃষকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় এক অভাবনীয় পরিবর্তন আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার থেকে কৃষকদের সংবেদনশীল তথ্য যেমন—আধার নম্বর, ভোটার আইডি এবং জমির পরিমাণের মতো ডেটা আংশিকভাবে আড়ালে রাখা হবে।
কেন এই পরিবর্তন?
এতদিন পর্যন্ত ‘কৃষক বন্ধু’ প্রকল্পের অফিসিয়াল পোর্টাল (krishakbandhu.net)-এ গিয়ে শুধুমাত্র ভোটার কার্ড বা আধার নম্বর দিলেই যে কেউ যেকোনো কৃষকের ব্যক্তিগত তথ্য এবং জমির পরিমাণ দেখে নিতে পারতেন। এতে তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল। বর্তমান ডিজিটাল যুগে সাইবার জালিয়াতি রুখতে এবং কৃষকদের গোপনীয়তা বজায় রাখতে কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম কিষান’-এর আদলেই এই ‘মাস্কিং’ বা তথ্য গোপন রাখার প্রক্রিয়া শুরু করল নবান্ন।
কী পরিবর্তন আসছে?
নতুন আপডেটের পর, কোনো কৃষক বা ব্যক্তি যখন অনলাইনে স্ট্যাটাস চেক করবেন, তখন সেই তথ্যের একটি বড় অংশ ‘X’ চিহ্ন দিয়ে ঢাকা থাকবে। ফলে অনুমতি ছাড়া অন্য কেউ কোনো কৃষকের সম্পূর্ণ আইডি নম্বর বা নথির বিবরণ হাতিয়ে নিতে পারবে না।
ভোটের আবহে প্রকল্পের ভবিষ্যৎ:
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং ফলপ্রকাশ হবে ৪ মে। নির্বাচনী আচরণবিধি জারি থাকায় এই সময়ে নতুন করে কোনো আর্থিক অনুদান সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো বা নতুন প্রকল্প ঘোষণা করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তবে পোর্টালের এই সুরক্ষা সংক্রান্ত প্রযুক্তিগত সংস্কারটি কৃষকদের ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।