‘আমাদের কোনো ওয়াশিং মেশিন নেই!’ আরাবুল ইস্যুতে নওশাদদের চরম হুঁশিয়ারি সেলিমের, ভাঙছে কি বাম-আইএসএফ জোট?

রাজ্য রাজনীতিতে বাম-আইএসএফ জোটের ভবিষ্যৎ কি এখন কেবল একটা সুতোর ওপর ঝুলে? ভাঙড় ও ক্যানিংয়ের বেতাজ বাদশা হিসেবে পরিচিত আরাবুল ইসলামকে আইএসএফ-এর টিকিট দেওয়া নিয়ে এবার সরাসরি সংঘাতে সিপিএম ও নওশাদ সিদ্দিকির দল। ক্যানিং পূর্ব আসনে আরাবুলকে প্রার্থী করার সিদ্ধান্তে সিপিএম যে চরম ক্ষুব্ধ, তা বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন মহম্মদ সেলিম।

‘ওয়াশিং মেশিন নেই বামপন্থীদের’ তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে দলে টেনে তড়িঘড়ি প্রার্থী করেছে আইএসএফ। এই পদক্ষেপকে কড়া ভাষায় আক্রমণ করে মহম্মদ সেলিম বলেন, “বিজেপি বা তৃণমূলের মতো আমাদের এখানে কোনো ওয়াশিং মেশিন নেই যে একদিক দিয়ে চোর ঢোকালে অন্যদিক দিয়ে সাধু বা মৌলবী হয়ে বেরোবে।” সেলিমের সাফ কথা, যারা গত ১৫ বছর ধরে ঘর জ্বালিয়েছে, মানুষ খুন করেছে, এমনকি আইএসএফ কর্মীদেরও রক্ত ঝরিয়েছে, তাদের ‘বগলদাবা’ করা সুস্থ রাজনীতি হতে পারে না।

জোট কি খাদের কিনারায়? আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আরাবুলের ‘চরিত্র সংশোধন’-এর তত্ত্ব খাড়া করলেও বামেরা তা মানতে নারাজ। সেলিমের কথায়, “রাজনীতিতে নীতি-আদর্শ বড় বিষয়। আমরা কোনোভাবেই রিসাইকেল বিন হতে চাই না।” বামফ্রন্ট ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, দুর্নীতিগ্রস্ত বা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো আপস করা হবে না। এই অনড় মনোভাবের জেরে ক্যানিং পূর্ব সহ ২৩টি আসনে আইএসএফ প্রার্থী দিলেও জোটের চূড়ান্ত ঘোষণা থমকে রয়েছে। রাজনৈতিক মহলের মতে, আরাবুল ইস্যুতে নওশাদরা অনড় থাকলে ভেস্তে যেতে পারে দীর্ঘদিনের এই সমঝোতা।