‘বছরে ১২ মাস, কিন্তু রিচার্জ কেন ১৩ বার?’ টেলিকম সংস্থাগুলির ‘পকেটমারি’ নিয়ে সংসদে গর্জে উঠলেন রাঘব চাড্ডা

সংসদে জনস্বার্থের একাধিক ইস্যু নিয়ে বারবার সরব হন আম আদমি পার্টির জনপ্রিয় সাংসদ রাঘব চাড্ডা। এবার তাঁর নিশানায় দেশের বড় বড় টেলিকম সংস্থাগুলি। বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে রিচার্জ প্ল্যান নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ উগরে দিলেন তিনি। রাঘবের সাফ প্রশ্ন, “বছরে ১২ মাস হলে সাধারণ মানুষকে কেন ১৩ বার রিচার্জ করতে বাধ্য করা হচ্ছে?”
রাঘব চাড্ডা অভিযোগ করেন, ২৮ দিনের রিচার্জ প্ল্যান আসলে একটি সুপরিকল্পিত আর্থিক প্রতারণা। ২৮ দিন করে ১৩ বার রিচার্জ করলে মোট দাঁড়ায় ৩৬৪ দিন। অর্থাৎ, কৌশলে গ্রাহকদের কাছ থেকে বছরে অতিরিক্ত এক মাসের টাকা হাতিয়ে নিচ্ছে সংস্থাগুলি। তিনি দাবি করেন, যে কোনো মাসিক প্ল্যান অবশ্যই ৩০ বা ৩১ দিনের হওয়া উচিত, যাতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ না পড়ে।
সাংসদ আরও একটি জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেন—রিচার্জ শেষ হলেই ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া। তিনি বলেন, “আউটগোয়িং বন্ধ হওয়াটা যুক্তিযুক্ত, কিন্তু ইনকামিং কেন বন্ধ হবে? রিচার্জ না থাকলে জরুরি ওটিপি (OTP) বা মেসেজও ফোনে ঢুকছে না। বিপদের সময় মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।” টেলিকম সংস্থাগুলির এই একাধিপত্য রুখতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।