ভোটার তালিকায় ‘অ্যাডজুডিকেশন’ নিয়ে সুপ্রিম কড়া দাওয়াই! ৬ এপ্রিলের মধ্যে কাজ শেষের ডেডলাইন!

ভোটের মুখে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ যাওয়া নিয়ে চলা টানাপড়েনে এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মৌখিকভাবে নির্দেশ দিয়েছে যে, আগামী ৬ এপ্রিলের মধ্যে ভোটার তালিকায় ‘অ্যাডজুডিকেশন’ বা নাম যাচাইয়ের কাজ যতটা সম্ভব শেষ করতে হবে। বিশেষ করে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে প্রথম দিকে ভোট রয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রক্রিয়া শেষ করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।

স্বচ্ছতার স্বার্থে ‘সুপ্রিম’ পর্যবেক্ষণ আদালত স্পষ্ট জানিয়েছে, স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করতে দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করা জরুরি। বিচারপতিদের পর্যবেক্ষণ, “এত বিপুল সংখ্যক নামের নিষ্পত্তি করা কঠিন হলেও প্রশাসনকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।” উল্লেখ্য, রাজ্যে প্রায় ৬০ লক্ষ নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন পর্যায়ে ছিল, যার মধ্যে বর্তমানে ২৬ লক্ষ নামের কাজ শেষ হয়েছে বলে কমিশন আদালতকে জানিয়েছে।

প্রতিদিন প্রকাশ হবে তালিকা ভোটারদের উদ্বেগ কমাতে নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে, এখন থেকে প্রতিদিন যে সমস্ত নামের যাচাই প্রক্রিয়া শেষ হবে, তাদের তালিকা নিয়মিত প্রকাশ করা হবে। এই বিষয়ে আইনি বাধা কাটাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছে কমিশন। অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর অন্তত ১৪ জন প্রার্থীর নাম এখনও যাচাইয়ের স্তরে আটকে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী নির্দেশ দেন, স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীদের নামের নিষ্পত্তি আগে করতে হবে।

কেন পশ্চিমবঙ্গেই এত গোলমাল? এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, “সারা দেশে ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) হলেও পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি সমস্যা দেখা যাচ্ছে।” বিচারপতি বাগচীও যোগ করেন যে, ৪৫ দিনে ৬০ লক্ষ নামের নিষ্পত্তি করা প্রায় অসম্ভব হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ দ্রুত করতে হবে। আগামী ১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ওই দিনই বোঝা যাবে ভোটার তালিকার এই জটিলতা কোন দিকে মোড় নেয়।