শুভেন্দুর বিরুদ্ধে কত মামলা? খতিয়ান দিতে নাজেহাল রাজ্য পুলিশ! হাইকোর্টে চরম অস্বস্তিতে নবান্ন!

ভোটের মুখে ফের আইনি লড়াইয়ে বিদ্ধ রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় আদতে ঠিক কতগুলি মামলা রয়েছে, মঙ্গলবারও তার সঠিক হিসেব দিতে পারল না রাজ্য পুলিশ। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ২৭ মার্চের মধ্যে চূড়ান্ত তথ্য জমার কড়া নির্দেশ দিয়েছেন।
মনোনয়ন জমার পথে আইনি বাধা? এবার নন্দীগ্রামের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী, মনোনয়ন পত্র পেশ করার সময় প্রার্থীর বিরুদ্ধে থাকা সমস্ত ফৌজদারি মামলার খতিয়ান হলফনামায় উল্লেখ করতে হয়। কিন্তু শুভেন্দুর দাবি, তাঁর বিরুদ্ধে কত মামলা আছে তা স্পষ্ট করছে না পুলিশ। তথ্য দিতে দেরি হলে তাঁর প্রার্থীপদ ও মনোনয়নপত্র জমা দেওয়া সঙ্কটে পড়তে পারে, এই আশঙ্কাতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
কলকাতা পুলিশ বনাম রাজ্য পুলিশ মঙ্গলবার শুনানিতে শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানান, কলকাতা পুলিশের এলাকায় বিরোধী দলনেতার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে কমিশনার জানিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন বাকি জেলাগুলোতে ক’টি মামলা ঝুলছে, সেই তথ্য এখনও অধরা। রাজ্য সরকারের আইনজীবী সময় চাইলেও বিচারপতি প্রশ্ন তোলেন— কলকাতা পুলিশ যদি মামলার সংখ্যা জানাতে পারে, তবে রাজ্য পুলিশ কেন পারছে না?
আদালতের ডেডলাইন আগামী ২৭ মার্চ দুপুর ১টায় এই মামলার পরবর্তী শুনানি। ওই দিনই রাজ্য পুলিশকে হলফনামা দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে চলা সমস্ত মামলার নির্ভুল তালিকা জমা দিতে হবে। ভোটের ময়দানে নামার আগে শুভেন্দুর এই ‘মামলা ভাগ্য’ এখন আদালতের রায়ের ওপরই ঝুলে রয়েছে।