কলকাতায় মোদীর ডাবল ধামাকা! দক্ষিণ ও উত্তরে জোড়া মেগা মিছিলে নরেন্দ্র মোদী, কাঁপবে তৃণমূলের দুর্গ?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই সরগরম বাংলা। আর এবার খোদ তিলোত্তমার রাজপথে জোড়া মেগা রোড-শো করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ কলকাতায় দুটি পৃথক মিছিলে যোগ দেবেন তিনি। মূলত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রার্থীদের সমর্থন জোগাতেই এই ‘ডাবল অ্যাটাক’ পরিকল্পনা গেরুয়া শিবিরের।
মাইলফলক ছুঁয়েই বাংলায় মোদী বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অর্থাৎ রবিবার ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির গড়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা ৮,৯৩১ দিন সরকার প্রধান থাকার বিশ্বরেকর্ড করলেন তিনি। সিকিমের পবন কুমার চামলিং-এর ৮,৯৩০ দিনের রেকর্ড ভেঙে দেশের দীর্ঘতম সময়ের শাসক এখন মোদী। এই রেকর্ড গড়ার পরই তাঁর বঙ্গে আগমনের খবরে উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা।
দক্ষিণ কলকাতায় নজর: টার্গেট ভবানীপুর? বিজেপি সূত্রের খবর, দুটি মিছিলের মধ্যে একটি হবে দক্ষিণ কলকাতায়। রাজনৈতিক মহলের ধারণা, এই মিছিলের মূল লক্ষ্য হতে পারে হাইভোল্টেজ ‘ভবানীপুর’ কেন্দ্র। যেখানে প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ১৪ মার্চ ব্রিগেডের সভার পর এবার সশরীরে কলকাতার অলিগলিতে জনসংযোগ করবেন প্রধানমন্ত্রী। এর ফলে শহরের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ভোটারদের মনে কতটা প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।
প্রস্তুতি তুঙ্গে, আসরে শীর্ষ নেতৃত্ব মিছিলের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, দুই মিছিলের রুট ম্যাপ তৈরি করতে দফায় দফায় বৈঠক চলছে। রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। গতবারের মতোই এবারও প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচিতে জনসভার পাশাপাশি রোড-শো-তে বিশেষ জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল কলকাতার ভোটের আগেই এই প্রচার কর্মসূচি সেরে ফেলতে চায় বিজেপি। কেন্দ্রীয় বাহিনী ও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে এখন থেকেই চড়ছে রাজনীতির পারদ।