এতদিন কোথায় লুকিয়ে ছিল এরা? শনির রাজত্বে আরও ১১টি চাঁদ, বৃহস্পতিকেও টেক্কা দিচ্ছে বলয়ধারী গ্রহ

সৌরজগতের অন্দরে গ্রহদের ক্ষমতার লড়াই এবার আরও জমে উঠল। মহাকাশ বিজ্ঞানীরা সম্প্রতি ১৫টি নতুন উপগ্রহের (Moons) সন্ধান পেয়েছেন, যা এতদিন আমাদের নজর এড়িয়ে লুকিয়ে ছিল। এই আবিষ্কারের ফলে শনি এবং বৃহস্পতির উপগ্রহের সংখ্যার ব্যবধান আরও বেড়ে গেল। ‘মাইনর প্ল্যানেট সেন্টার’-এর ঘোষণা অনুযায়ী, নতুন আবিষ্কৃত এই ১৫টি উপগ্রহের মধ্যে ১১টি শনিকে এবং ৪টি বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে।
এই নয়া আবিষ্কারের ফলে শনির মোট উপগ্রহ সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫-তে, যা সৌরজগতে এককভাবে সর্বোচ্চ। অন্যদিকে, বৃহস্পতির উপগ্রহ সংখ্যা বেড়ে হয়েছে ১০১। বিজ্ঞানীদের মতে, এই উপগ্রহগুলি আকারে অত্যন্ত ছোট—গড়ে মাত্র ৩ কিলোমিটার ব্যাসের। এদের উজ্জ্বলতা এতটাই কম (২৫ থেকে ২৭ ম্যাগনিটিউড) যে সাধারণ টেলিস্কোপে এদের ধরা পড়ার কোনও উপায় ছিল না। শক্তিশালী ‘মাগেলান-বাডে’ এবং ‘সুবারু’ টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ড, ডেভিড থোলেন এবং এডওয়ার্ড অ্যাশটন এই অসাধ্য সাধন করেছেন।
বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা ৪৪২। গ্রহভিত্তিক হিসেবে পৃথিবীর ১টি, মঙ্গলের ২টি, ইউরেনাসের ২৮টি এবং নেপচুনের ১৬টি উপগ্রহ রয়েছে। শুক্র ও বুধের এখনও কোনও চাঁদের হদিস মেলেনি। তবে বিজ্ঞানীদের নজর এখন বৃহস্পতির দিকে ধাবমান ‘ইউরোপা ক্লিপার’ এবং ‘জুস’ (JUICE) মহাকাশযান দুটির ওপর। যদি তারা আরও নতুন উপগ্রহের খোঁজ দিতে পারে, তবে শনি ও বৃহস্পতির এই টক্কর ভবিষ্যতে আরও রোমাঞ্চকর হয়ে উঠবে।