অসমে তৃণমূলের মাস্টারস্ট্রোক! ১৭ আসনে প্রার্থী ঘোষণা করে হিমন্তের চিন্তা বাড়ালেন মমতা!

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার বাইরে যে রাজ্যটিতে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি শক্তি সঞ্চয় করেছে, তা হলো অসম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গড়ে এবার ঘাসফুল ফোটাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লক্ষ্য শুধু জয় নয়, মূল লক্ষ্য হলো বিজেপিকে রোখা। শুক্রবার রাতে অসমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৭টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কাছাড়, কোকরাঝাড়, তিনসুকিয়া, কামরূপ, গোয়ালপাড়া এবং ধুবড়ির মতো রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থী দিয়েছে জোড়াফুল শিবির।

তৃণমূলের এই প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। কোকরাঝাড়ের বাওখুঁগ্রী থেকে উদাংশ্রী নার্জারি, ধুবড়ীর বিলাসীপাড়া থেকে মোমিনুর ইসলাম এবং গোয়ালপাড়ার জলেশ্বর থেকে আরিফ আকবর আহমেদকে প্রার্থী করা হয়েছে। এছাড়া কল্যাণী কলিতা, বিকাশ নাথ যোগী এবং আমিরুল ইসলামের মতো হেভিওয়েট নামগুলোকেও ময়দানে নামানো হয়েছে। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব স্পষ্ট জানিয়েছেন, “বিজেপিই আমাদের এক নম্বর শত্রু। তাই এমন কোনো আসনে আমরা প্রার্থী দেব না যেখানে ভোট কাটাকাটিতে বিজেপির সুবিধা হয়।” দলের নেতা দুলু আহমেদও জানিয়েছেন, কংগ্রেস জোটের জেতার সম্ভাবনা আছে এমন আসনগুলি তারা এড়িয়ে চলছেন যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়।

অন্যদিকে, বিজেপি ইতিমধ্যেই ৮৮টি আসনে প্রার্থী ঘোষণা করে লড়াই জমিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের দুর্গ জালুকবাড়ি থেকেই লড়ছেন। কংগ্রেস থেকে বিজেপিতে আসা প্রদ্যুত বরদলৈ টিকিট পেয়েছেন দিশপুর কেন্দ্রে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই ‘টিম ১৭’ যদি বিজেপির ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে, তবে অসমের গদি ধরে রাখা হিমন্তের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। এখন দেখার, পাহাড় ও সমতলের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে।