মাঝপথেই বন্ধ রণবীরের সিনেমা! নয়ডার প্রেক্ষাগৃহে রণক্ষেত্র, দর্শকদের সামলাতে নামল পুলিশ

বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং শুরু করলেও বিতর্কের মুখে রণবীর সিংয়ের মেগা অ্যাকশন ছবি ‘ধুরন্ধর ২’। পরিচালক আদিত্য ধর পরিচালিত এই হাই-ভোল্টেজ ছবিটির একটি প্রিভিউ স্ক্রিনিং ঘিরে শুক্রবার নয়ডার ডিএলএফ মল অফ ইন্ডিয়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হল। মাঝপথেই সিনেমা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কয়েক শো দর্শক, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে বাধ্য হয় সিনেমা হল কর্তৃপক্ষ।

কী ঘটেছিল প্রেক্ষাগৃহে? শুক্রবার দুপুরে নয়ডার ওই মাল্টিপ্লেক্সে ‘ধুরন্ধর ২’-এর একটি পেইড প্রিভিউ শো চলছিল। ইন্টারভ্যাল পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও বিপত্তি ঘটে বিরতির পর। যান্ত্রিক ত্রুটির কারণে ছবির দ্বিতীয় অংশ আর চালানো সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দর্শকরা বুঝতে পারেন শো বাতিল হতে চলেছে। প্রিয় তারকার সিনেমা দেখতে এসে এমন হতাশাজনক অভিজ্ঞতায় মেজাজ হারান ভক্তরা। ক্ষুব্ধ দর্শকরা সিট ছেড়ে উঠতে অস্বীকার করেন এবং কর্তৃপক্ষের কাছে জবাবদিহি ও টাকা ফেরতের দাবিতে চিৎকার শুরু করেন।

পুলিশের হস্তক্ষেপ ও ব্যারিকেড: পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তড়িঘড়ি পুলিশ ডাকা হয়। উত্তেজিত জনতাকে শান্ত করতে হলের ভেতরে ব্যারিকেড বসানো হয়। যান্ত্রিক সমস্যা মেটানোর আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। কর্তৃপক্ষ শেষ পর্যন্ত পুরো শো-টি বাতিল ঘোষণা করতে বাধ্য হয়।

বক্স অফিসে ধুরন্ধর দাপট: প্রেক্ষাগৃহে এই বিচ্ছিন্ন বিশৃঙ্খলা থাকলেও বক্স অফিসে কিন্তু ‘ধুরন্ধর ২’ অপ্রতিরোধ্য। ২০১৫ সালের প্রথম ভাগ ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে ১৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল। অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবনের মতো মহাতারকাদের উপস্থিতিতে এই ফ্র্যাঞ্চাইজিটি এখন বলিউডের অন্যতম বড় নাম। সিক্যুয়েলটিও মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে। তবে নয়ডার এই ঘটনাটি বড় পর্দায় প্রিয় নায়ককে দেখার অপেক্ষায় থাকা ভক্তদের মনে বড়সড় ক্ষত তৈরি করল।