সত্যিই কি BJP প্রার্থী হচ্ছেন R .G করের নির্যাতিতার মা? যা বললেন শুভেন্দু

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যে লড়াই শুরু হয়েছিল তিলোত্তমার বাড়ি থেকে, তা এবার পৌঁছে গেল বিধানসভা নির্বাচনের দোরগোড়ায়। বৃহস্পতিবার খোদ আরজি করের নির্যাতিতার মা বিজেপিতে যোগ দেওয়ার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে—তবে কি পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন তিনি?

শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির দ্বিতীয় দফার তালিকায় নাম না থাকলেও, শুভেন্দু অধিকারীর মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। বিরোধী দলনেতা বলেন, “আমি বিশ্বাস করি, ওঁর বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বোন-মেয়েদের নিরাপত্তার জন্য উনি যে উদ্যোগ নিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি তা সমর্থন করি।” পানিহাটি কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা না করায় রাজনৈতিক মহলের ধারণা, ওই বিশেষ আসনের জন্যই হয়তো ‘অভয়ার মা’-কে ভাবছে গেরুয়া শিবির।

কেন হঠাৎ রাজনীতিতে? তৃণমূলকে তীব্র আক্রমণ করে নির্যাতিতার মা বলেন, “পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এখানে নারীদের কোনো নিরাপত্তা নেই। তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলতেই আমি বিজেপি-তে যোগ দিচ্ছি।” পাশাপাশি বামপন্থীদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বামপন্থীরা ভোট কেটে তৃণমূলকে জেতার সুযোগ করে দিচ্ছে এবং তাঁর মেয়ের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় আরজি কর কাণ্ড এবারের নির্বাচনের সবথেকে বড় ইস্যু। নির্যাতিতার মায়ের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে যেমন শোরগোল পড়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে সাহসিকতার পরিচয় বলছেন, আবার কেউ কেউ মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতিতে আসাকে ভালো চোখে দেখছেন না।

এখন দেখার, শেষ পর্যন্ত পানিহাটির লড়াইয়ে বিজেপি কাকে সামনে আনে এবং আরজি কর ইস্যু ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলে।