খেলনা ওরাংওটাং অতীত, এবার রক্তমাংসের ‘গার্লফ্রেন্ড’ পেল ভাইরাল বাঁদরছানা পাঞ্চ!

তার একাকিত্ব আর বিষণ্ণ দু’টি চোখ একসময় ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। জন্মের পরেই নিজের মায়ের কাছে প্রত্যাখ্যাত হওয়া সেই ছোট্ট ম্যাকক শাবক ‘পাঞ্চ’-এর কাহিনী এবার এক রূপকথার মোড় নিল। এতদিন আইকিয়া থেকে কেনা একটি নরম ওরাংওটাং খেলনাকে আঁকড়ে ধরে যে একফালি মাতৃস্নেহ খুঁজে বেড়াত পাঞ্চ, তার জীবনে এখন এসেছে নতুন বসন্ত। মোমো-চান নামের এক নারী ম্যাককের সঙ্গে পাঞ্চের বন্ধুত্বের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল।

‘বিয়ন্ড দ্য ওয়াইল্ডলাইফ’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পাঞ্চ এবং মোমো-চান একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আছে। কখনও তারা খেলছে, আবার কখনও স্নেহের ‘চুম্বন’ বিনিময় করছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “দারুণ খবর! পাঞ্চের জীবনে মোমো-চান এসেছে এবং তারা এখন সারাক্ষণ একসাথেই থাকে। মো বয়সে পাঞ্চের চেয়ে কিছুটা বড় হলেও, তারা একে অপরকে এক মুহূর্তের জন্যও ছাড়তে চায় না।” নেটিজেনরা ইতিমধ্যেই মোমো-চানকে ‘পাঞ্চের গার্লফ্রেন্ড’ বলে ডাকতে শুরু করেছেন।

তবে পাঞ্চের এই বন্ধুত্বের পথ মোটেও মসৃণ ছিল না। অনাথ এই ছানাটিকে শক্তিশালী বাঁদরদের কাছে বারবার লাঞ্ছিত হতে হয়েছে। কিন্তু সময় আর ধৈর্যের সঙ্গে সে সামাজিক মেলামেশা শিখেছে। নিজের নরম খেলনাটিকে একসময় সে মায়ের প্রতীক হিসেবে আঁকড়ে ধরলেও, এখন তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে নতুন বন্ধু মোমো-চান। একাকিত্ব কাটিয়ে পাঞ্চের এই নতুন জীবনের গল্প হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে।