তালিকায় শুধুই কি চমক? ভবানীপুর থেকে নন্দীগ্রাম—মমতা-শুভেন্দুর গড়ে বামেদের তুরুপের তাস কারা?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা দখলের লড়াইয়ে বড়সড় চাল দিল বামফ্রন্ট। বৃহস্পতিবার এক হাইভোল্টেজ সাংবাদিক বৈঠক করে দ্বিতীয় দফার ৩২টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করলেন বাম নেতৃত্ব। প্রথম দফায় ১৯২টি এবং লিবারেশনের ১০টি আসনের পর আজ আরও ৩২টি নাম প্রকাশ্যে আনল আলিমুদ্দিন। তবে এই তালিকায় সবথেকে বড় আলোচনার বিষয় হলো—একঝাঁক নতুন ও শিক্ষিত মুখ থাকলেও তালিকায় ব্রাত্য রাখা হয়েছে মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ এবং সৃজন ভট্টাচার্যের মতো হেভিওয়েট ও পরিচিত নেতাদের।

নন্দীগ্রাম ও ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই: বামেদের এই তালিকায় সবথেকে বেশি নজর কেড়েছে নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র। নন্দীগ্রামের ‘হাইভোল্টেজ’ লড়াইয়ে বামেদের হয়ে ময়দানে নামছেন শান্তি গিরি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে লড়বেন অ্যাডভোকেট শ্রীজীব বিশ্বাস। টালিগঞ্জে হেভিওয়েট লড়াইয়ের জন্য প্রফেসর পার্থ প্রতিম বিশ্বাসের ওপর ভরসা রেখেছে সিপিআই(এম)। বালিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে আফরিন বেগমকে (শিল্পী)।

তরুণ ও পেশাদারদের প্রাধান্য: এবারের তালিকায় আইনজীবী, অধ্যাপক এবং চিকিৎসকদের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। মেটিয়াবুরুজে অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং চাঁপদানিতে অ্যাডভোকেট চন্দ্রনাথ ব্যানার্জিকে প্রার্থী করে বামেরা বুঝিয়ে দিয়েছে যে তারা শিক্ষিত ও লড়াকু মুখ নিয়ে মানুষের কাছে যেতে চায়। নয়গ্রামে প্রার্থী করা হয়েছে ডাঃ পুলিন বিহারী বাসকে-কে।

একনজরে গুরুত্বপূর্ণ প্রার্থীদের নাম:

  • ডায়মন্ড হারবার: সমরেন্দ্রনাথ নাইয়া

  • কৃষ্ণনগর উত্তর: অদ্বৈত বিশ্বাস

  • আসানসোল উত্তর: অখিলেশ কুমার সিং (CPI)

  • রানীনগর: জামাল হোসেন

  • বসিরহাট দক্ষিণ: আইনুল আরেফিন (রাজু আহমেদ)

জোট ও আগামী রণকৌশল: রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিতে এই তালিকা ঘোষণা করা হয়। সব মিলিয়ে ২৯৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৩৪টি আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো। রাজনৈতিক মহলের মতে, সেলিম বা সৃজনের মতো নেতাদের এই তালিকায় না রাখা সম্ভবত রণকৌশলের অংশ, যাতে তারা রাজ্যজুড়ে প্রচার এবং সংগঠনের কাজে বেশি সময় দিতে পারেন। এখন দেখার, এই নতুন ব্রিগেড ২৬-এর নির্বাচনে তৃণমূল ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারে।