বাড়ি ভাড়া গুনতেই বেতন শেষ? ২০২৬-এর রিপোর্টে কোন শহর সবচেয়ে সস্তা? দেখে নিন তালিকা

আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা বর্তমান সময়ে মধ্যবিত্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আপনি জানেন কি, ভারতের কোন শহরে আপনার জমানো টাকা সবচেয়ে বেশিদিন টিকবে? ২০২৬ সালের মার্চের সর্বশেষ ‘নাম্বিও’ (Numbeo) সূচক বলছে, ভারতের মহানগরগুলোর মধ্যে জীবনযাত্রার খরচে আকাশ-পাতাল তফাত রয়েছে। যেখানে মুম্বই পকেটে টান দিচ্ছে, সেখানে তিলোত্তমা কলকাতা এখনও সাধারণ মানুষের জন্য ‘স্বর্গ’।

মুম্বই বনাম কলকাতা: ভাড়ার ফারাক ৫ গুণ!

নিউ ইয়র্ক সিটিকে ১০০ স্কোর ধরে করা এই তালিকায় দেখা যাচ্ছে, ২৫.৮ স্কোর নিয়ে ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর মুম্বই। বিশেষ করে বাণিজ্যনগরীর ভাড়ার সূচক (১৭.৫) ভারতের অন্য সব শহরের চেয়ে অনেক বেশি। অন্যদিকে, কলকাতা এই তালিকায় সবচেয়ে সাশ্রয়ী। কলকাতার ভাড়ার স্কোর মাত্র ৩.৮, যা মুম্বইয়ের তুলনায় প্রায় পাঁচ গুণ কম!

একনজরে শহরগুলোর খরচের খতিয়ান (মার্চ ২০২৬):

শহর জীবনযাত্রার খরচ সূচক ভাড়ার সূচক মাসিক আনুমানিক খরচ
মুম্বই ২৫.৮ ১৭.৫ ₹৩০,০০০ – ৬০,০০০
দিল্লি ২২.৫ ৭.১ ₹২২,০০০ – ৫০,০০০
পুনে ২২.৪ ৬.৬ ₹২৫,০০০ – ৪৫,০০০
বেঙ্গালুরু ২১.৫ ৮.৫ ₹২০,০০০ – ৫০,০০০
হায়দরাবাদ ২১.১ ৫.৬ ₹১২,০০০ – ৫০,০০০
চেন্নাই ২০.০ ৪.৪ ₹১৫,০০০ – ৫০,০০০
কলকাতা ১৯.৩ ৩.৮ ₹২০,০০০ – ৪০,০০০

আইটি হাবের হালহকিকত:

বেঙ্গালুরুতে জীবনযাত্রার খরচ (২১.৫) দিল্লির চেয়ে কম মনে হলেও, সেখানে ভাড়ার চাপ (৮.৫) রাজধানীর চেয়ে বেশি। তবে হায়দরাবাদ (২১.১) আইটি পেশাদারদের জন্য কিছুটা স্বস্তিদায়ক। আপনি যদি মহানগরের সব সুবিধা চান অথচ পকেটে চাপ কমাতে চান, তবে চেন্নাই এবং কলকাতাই আপনার সেরা গন্তব্য।

কেন কলকাতা সস্তা?

কলকাতায় জীবনধারণের প্রাথমিক খরচগুলো এখনও সাধারণের নাগালে। শহরে ১বিএইচকে ফ্ল্যাটের ভাড়া গড়ে ৯,০০০ থেকে ১৪,০০০ টাকার মধ্যে। খাবারের ক্ষেত্রেও সাশ্রয় নজরকাড়া—১ লিটার দুধ ৬১ টাকা বা ১ কেজি চাল ৫৬ টাকায় মিলছে। বাইরে খেতে গেলেও ২০০ টাকায় পেটভরা খাবার পাওয়া সম্ভব। এছাড়া যাতায়াত খরচেও কলকাতা ও দিল্লির মেট্রো পরিষেবা বিশ্বের অন্যতম সস্তা হিসেবে গণ্য হয়।

আপনার জীবনযাত্রা কেমন হবে, তা অনেকটাই নির্ভর করছে আপনি কোন শহরে থাকছেন তার ওপর। তবে সামগ্রিক পরিসংখ্যান বলছে, সেভিংস বাড়াতে চাইলে কলকাতার চেয়ে ভালো বিকল্প ভারতের অন্য কোনও মেগাসিটিতে মেলা ভার।