মোথাবাড়ি ছেড়ে সুজাপুরে সাবিনা! মৌসম নুরের সঙ্গে কি সম্মুখসমর? মালদহের রাজনীতিতে বড় ধামাকা

২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদহ জেলার রাজনৈতিক সমীকরণ এক লহমায় বদলে গেল। তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক দিয়ে মোথাবাড়ির তিনবারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে এবার সুজাপুর কেন্দ্র থেকে লড়াইয়ে নামালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুজাপুরের বিদায়ী বিধায়ক আব্দুল গনিকে এবার টিকিট দেয়নি শাসকদল। টিকিট পাওয়ার পরেই বুধবার সুজাপুরে পা রেখে আত্মবিশ্বাসী মেজাজে ধরা দিলেন সাবিনা।
সুজাপুর বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং কোতোয়ালি ভবনের গড় হিসেবে পরিচিত। রাজনৈতিক মহলের খবর, এবার এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে সাবিনার বিরুদ্ধে লড়াই করতে পারেন মৌসম নুর। যদি তাই হয়, তবে মালদহের রাজনীতিতে দুই প্রভাবশালী নেত্রীর সম্মুখসমর দেখার মতো হবে। সাবিনা অবশ্য লড়াইকে ভয় পাচ্ছেন না। তাঁর কথায়, “আমি সুজাপুরের ঘরের মেয়ে। এখানে আমার বাবার বাড়ি, শ্বশুরবাড়ি। ১৫ বছর মোথাবাড়িতে কাজ করার পর ঘরে ফিরে এসে আমি খুশি।”
কোতোয়ালি পরিবারের সঙ্গে তাঁর লড়াইয়ের ইতিহাস পুরনো। সাবিনা সাফ জানিয়েছেন, “সুজাপুরে আমি প্রার্থী নই, আসলে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৫ বছরে এখানকার মানুষের কী কী খামতি রয়েছে, তা আমি পূরণ করার চেষ্টা করব।” অন্যদিকে, চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে সুজাপুরে কংগ্রেসের পাল্লা কিছুটা ভারী থাকলেও সাবিনার ব্যক্তিগত ক্যারিশমা এবং ‘ঘরের মেয়ে’ ভাবমূর্তি তৃণমূলের তুরুপের তাস হতে পারে। আপাতত ঈদের পরেই পুরোদমে প্রচার শুরুর পরিকল্পনা নিয়েছেন তিনি।