ওয়েব চেক-ইনে আর দিতে হবে না এক্সট্রা চার্জ? মোদী সরকারের নয়া গাইডলাইনে কুপোকাত বিমান সংস্থাগুলি!

আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতা এবার আরও সস্তা ও স্বস্তিদায়ক হতে চলেছে। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান সংস্থাগুলির জন্য একগুচ্ছ কড়া অথচ জনহিতকর নির্দেশিকা জারি করেছে। এই নয়া নিয়মে সবচেয়ে বড় স্বস্তি মিলেছে সিট বুকিংয়ের ক্ষেত্রে। এখন থেকে বিমানের মোট আসনের অন্তত ৬০ শতাংশ যাত্রীদের জন্য ‘ফ্রি’ রাখতে হবে। অর্থাৎ, নিজের পছন্দের আসন বেছে নেওয়ার জন্য এখন থেকে আর টিকিটের অতিরিক্ত মোটা টাকা গুনতে হবে না সাধারণ মানুষকে।
এতদিন পর্যন্ত বিমান সংস্থাগুলি মাত্র ২০-২৫ শতাংশ আসন বিনামূল্যে রাখত, বাকি সিংহভাগ আসনের জন্যই ‘প্রেফারড সিট’ বা ‘উইন্ডো সিট’-এর নামে অতিরিক্ত চার্জ আদায় করা হত। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ৬০ শতাংশ আসন কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই বুক করা যাবে। বাকি ৪০ শতাংশ আসনের জন্য সংস্থাগুলি চার্জ নিতে পারবে।
শুধু তাই নয়, পরিবার বা বন্ধুদের নিয়ে যারা ভ্রমণ করেন, তাঁদের জন্য বড় সুখবর দিয়েছে মন্ত্রক। এখন থেকে একই পিএনআর (PNR) নম্বরে টিকিট কাটা হলে যাত্রীদের আসন পাশাপাশি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে শিশু বা বয়স্কদের নিয়ে যারা যাতায়াত করেন, তাঁদের আর আলাদা আলাদা সিটে বসতে হবে না। এছাড়া, বাদ্যযন্ত্র বা খেলাধুলার সরঞ্জাম বহনের নিয়ম আরও সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পোষ্যদের বিমানে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নীতি স্পষ্ট করতে বলা হয়েছে সংস্থাগুলিকে। বিমান বাতিল বা দেরি হলে যাত্রীদের প্রাপ্য সুবিধা এবং তথ্য আঞ্চলিক ভাষায় জানানোর ওপর জোর দিয়েছে কেন্দ্র।