হিরণ ‘আউট’, খড়্গপুরে স্বমহিমায় প্রত্যাবর্তন দিলীপের! ব্যক্তিগত জীবনের টানাপোড়েনেই কি টিকিট হারালেন অভিনেতা?

খড়্গপুর সদরের রাজনীতিতে বড় ধামাকা! জল্পনার অবসান ঘটিয়ে নিজের পুরনো ঘরেই ফিরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বিজেপির প্রকাশিত ১৪৪ জনের প্রার্থী তালিকায় দেখা গেল, বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সরিয়ে খড়্গপুর সদর আসনে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকেই। এই ঘোষণার পরই রেল শহরে গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে নতুন সমীকরণ।

কেন টিকিট হারালেন হিরণ? রাজনৈতিক মহলের ধারণা, হিরণের টিকিট হাতছাড়া হওয়ার নেপথ্যে রয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের বিতর্ক। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ের অভিযোগ এবং সেই নিয়ে আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেতা-বিধায়ক। তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দায়ের করা অভিযোগের জেরে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছিল গেরুয়া নেতৃত্ব। অন্যদিকে, চব্বিশের লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে হারের পর থেকেই দিলীপ ঘোষ খড়্গপুর সদরে নিজের যাতায়াত বাড়িয়েছিলেন। ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই কংগ্রেসের ‘চাচাজি’ জ্ঞানসিং সোহনপালকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন দিলীপ।

দিলীপের কামব্যাক: মাঝখানে দলের সঙ্গে দিলীপের কিছুটা দূরত্ব তৈরি হলেও গত বছর অমিত শাহের বঙ্গ সফরের পর ফের পুরনো মেজাজে ফেরেন তিনি। বিজেপি হাইকমান্ড শেষ পর্যন্ত অভিজ্ঞ নেতার ওপরেই আস্থা রাখল। হিরণ টিকিট না পাওয়ায় খড়্গপুরে তাঁর অনুগামীরা কিছুটা হতাশ হলেও, দিলীপের প্রত্যাবর্তনকে বড় জয় হিসেবে দেখছেন বিজেপি কর্মীরা। এখন দেখার, ২০১৬-র সেই ম্যাজিক ২০২৬-এর বিধানসভা ভোটেও দিলীপ ঘোষ দেখাতে পারেন কি না।