ভোটের বাংলায় নজিরবিহীন নিরাপত্তা! ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন, ভাঙবে কি সব রেকর্ড?

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার ছক কষছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, বাংলার স্পর্শকাতর ইতিহাস ও গত কয়েক বছরের নির্বাচনী হিংসার রেকর্ড মাথায় রেখে এবার রাজ্যে রেকর্ড ২০০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন করতে চলেছে কমিশন। গত কয়েক দশকের নিরিখে এটিই হতে চলেছে বৃহত্তম মোতায়েন।

আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল—এই দু’দফায় ভোট অনুষ্ঠিত হবে রাজ্যে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দু’দফায় ভোট করার পেছনে কমিশনের প্রধান যুক্তি হলো কেন্দ্রীয় বাহিনীকে দ্রুত ও কার্যকরভাবে ব্যবহার করা। ইতিমধ্যেই ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুই দফায় ৪৮০ কোম্পানি বাহিনী রাজ্যে রুট মার্চ ও এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেছে। ভোটের মূল পর্বে এই সংখ্যা বেড়ে ১.৬ লক্ষ থেকে ১.৮ লক্ষ জওয়ানে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং মালদহের মতো জেলাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল কংগ্রেস সুর চড়ালেও বিজেপি ও বিরোধীরা একে স্বাগত জানিয়েছে।