উত্তরপাড়ায় মীনাক্ষী, যাদবপুরে বিকাশ? আজই ঘোষণা বামেদের প্রথম প্রার্থী তালিকা!

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়ল বামফ্রন্ট। তৃণমূল বা বিজেপি নয়, বিমান বসু আগেই জানিয়েছিলেন—প্রার্থী তালিকা সবার আগে প্রকাশ করবে বামেরাই। আজ, সোমবার দুপুর ৩টের সাংবাদিক বৈঠকে প্রথম দফার সেই বহু প্রতীক্ষিত প্রার্থীতালিকা ঘোষণা হতে চলেছে।

সেলিম লড়বেন না? মীনাক্ষী-সৃজনদের বড় দায়িত্ব

সবথেকে বড় খবর হলো, সম্ভবত এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলীয় সূত্রে খবর, তিনি নিজেকে মুক্ত রেখে গোটা রাজ্যে প্রচারের ব্যাটন সামলাবেন। অন্যদিকে, দলত্যাগের জল্পনা উড়িয়ে ‘তরুণ তুর্কী’দের ওপরেই ভরসা রাখছে আলিমুদ্দিন।

একনজরে সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী ও কেন্দ্র:

বামেদের এই সম্ভাব্য তালিকায় রয়েছে একগুচ্ছ চমক। বিশেষ করে মীনাক্ষী বা দীপ্সিতাদের কেন্দ্র বদল নিয়ে চর্চা তুঙ্গে:

  • মীনাক্ষী মুখোপাধ্যায়: উত্তরপাড়া (এবার আর নন্দীগ্রাম নয়, নিরাপদ কিন্তু লড়াকু কেন্দ্রে বাজি মীনাক্ষী)।

  • দীপ্সিতা ধর: দমদম উত্তর (বালি থেকে সরে এবার শিল্পাঞ্চলে নজর জেএনইউ নেত্রীর)।

  • সৃজন ভট্টাচার্য: কসবা (দমদম উত্তরের বদলে এবার কসবার লড়াইয়ে সৃজন)।

  • বিকাশ রঞ্জন ভট্টাচার্য: যাদবপুর (বিকাশ বাবুকেই সম্ভবত এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করা হচ্ছে)।

  • নওশাদ সিদ্দিকি: ভাঙড় (আইএসএফ প্রধান নওশাদ নিজের পুরনো কেন্দ্রেই লড়তে পারেন)।

  • বাদশা মৈত্র: সিঙ্গুর (হাইভোল্টেজ এই আসনে বড় চমক অভিনেতা বাদশা)।

  • জাকির হোসেন মল্লিক: নন্দীগ্রাম।

অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের সম্ভাব্য তালিকা:

কেন্দ্র সম্ভাব্য প্রার্থী
দমদম দক্ষিণ ময়ূখ বিশ্বাস
সোনারপুর দক্ষিণ সায়ন বন্দ্যোপাধ্যায়
বরানগর সায়নদীপ মিত্র
ব্যারাকপুর দেবদূত ঘোষ
বিধাননগর পলাশ দাস
পাঁশকুড়া পূর্ব ইব্রাহিম আলি
টালিগঞ্জ মোনালিসা সিনহা / সুব্রত দত্ত

কংগ্রেস নেই, সঙ্গী কেবল আইএসএফ?

এবারের লড়াইয়ে বামেদের পাশে নেই কংগ্রেস। তবে নওশাদ সিদ্দিকির আইএসএফ-এর সঙ্গে সমঝোতার পথ খোলা রয়েছে। যদিও অনেক আসনে নাম ঘোষণা নিয়ে এখনও শরিকি জট কাটেনি। আলিমুদ্দিনের দাবি, প্রতীক উর রহমানের দলবদল বা তন্ময় ভট্টাচার্যের জল্পনা দলকে বিন্দুমাত্র বিড়ম্বনায় ফেলেনি। বরং একঝাঁক তরুণ ও অভিজ্ঞের মিশেলে বিধানসভা পুনরুদ্ধারে মরিয়া লালেরা।