DG ও CP-কেও সরাবে কমিশন, নির্বাচনের মুখে কড়া পদক্ষেপ জ্ঞানেশের

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই নবান্নে বড়সড় প্রশাসনিক রদবদলের ডঙ্কা বাজাল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে রদবদলের প্রবল ইঙ্গিত দিয়েছেন। সোমবার, ১৬ মার্চ বিকেলের মধ্যেই রাজ্য পুলিশের বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে খবর।

ডিজি ও পুলিশ কমিশনার পদে রদবদল?

প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) পীযুষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার (CP) সুপ্রতিম সরকার-কে পদ থেকে সরানোর ইঙ্গিত দিয়েছে কমিশন। সব ঠিক থাকলে আজ সোমবার সূর্যাস্তের আগেই এই দুই গুরুত্বপূর্ণ পদে নতুন আইপিএস অফিসারদের নিয়োগ করা হতে পারে।

  • কারা আসছেন দায়িত্বে? জল্পনা চলছে এমন দুই আইপিএস অফিসারকে নিয়ে, যাঁরা অতীতে নবান্নের পছন্দের তালিকায় ছিলেন না। তাঁদের মধ্যে একজন সৎ ও নিষ্ঠাবান হিসেবে পরিচিত হলেও এতদিন কম গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অন্যজন ডিজি পদের দাবিদার হওয়া সত্ত্বেও নবান্ন তাঁকে এর আগে বেছে নেয়নি।

মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব পদেও বদল

পুলিশের আগেই রাজ্যের শীর্ষ আমলা স্তরে কাঁচি চালিয়েছে কমিশন। রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব পদ থেকে জগদীশ প্রসাদ মীনা-কে সরিয়ে দেওয়া হয়েছে।

  • নতুন মুখ: ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

  • স্বরাষ্ট্র সচিব: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে স্থলাভিষিক্ত হচ্ছেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষ

কমিশনের কড়া নির্দেশ

দিল্লির নির্বাচন সদন থেকে স্পষ্ট জানানো হয়েছে, আজ সোমবার বিকেল ৩টের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব গ্রহণের রিপোর্ট জমা দিতে হবে। আরও জানানো হয়েছে:

  • বদলি হওয়া আধিকারিকদের অবিলম্বে দায়িত্ব ছাড়তে হবে।

  • নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কোনও নির্বাচনী কাজে নিয়োগ করা যাবে না।

প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই ভোটের শুরুতেই প্রশাসনের ‘মেকওভার’ শুরু করে দিল নির্বাচন কমিশন।