মুসৌরির পাহাড়ে চাঁদের হাট! কুলদীপের বিয়েতে হাজির হচ্ছেন রোহিত-বিরাট!

ক্রিকেটের বাইশ গজের পর এবার ব্যক্তিগত জীবনের নতুন ইনিংসে পা রাখছেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। আগামী ১৪ মার্চ উত্তরাখণ্ডের মুসৌরিতে তাঁর দীর্ঘদিনের বাগদত্তা বংশিকা-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আর এই ‘চায়নাম্যান’ স্পিনারের জীবনের বিশেষ মুহূর্তকে সাক্ষী রাখতে মুসৌরিতে নামছে গোটা ভারতীয় ক্রিকেট দল।
শনিবার মুসৌরির ঐতিহাসিক ‘ওয়েলকাম হোটেল দ্য স্যাভয়’-এ বসছে রাজকীয় বিয়ের আসর। ইতিমধ্যেই কয়েক দিনের জন্য সম্পূর্ণ হোটেলটি বুক করা হয়েছে। সূত্রের খবর, এই হাই-প্রোফাইল বিয়েতে যোগ দিতে পারেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এছাড়াও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, সুনীল গাভাসকর এবং তরুণ তুর্কি রিঙ্কু সিং ও তিলক বর্মার।
ইতিমধ্যেই কুলদীপের প্রাণের বন্ধু যুজবেন্দ্র চাহাল দেরাদুনে পৌঁছে গিয়েছেন। হলদির অনুষ্ঠানে চাহালের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুফান তুলেছে। চাহাল জানিয়েছেন, বন্ধুর বিয়েতে নাচ-গান আর হইহুল্লোড়ে কোনও খামতি রাখবেন না তিনি। আসলে ২০২৫-এর নভেম্বরেই বিয়ের কথা ছিল কানপুরের বাসিন্দা কুলদীপের। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাফল্যের কথা মাথায় রেখে সেই পরিকল্পনা পিছিয়ে দিয়েছিলেন তিনি। বিশ্বজয়ের পর এবার জীবনের সেরা ট্রফিটি হাতে তুলতে চলেছেন কুলদীপ।