আপনারা বন্ধু, তাই আপনাদের পথ খোলা’, যুদ্ধের আবহে ভারতকে বিরাট স্বস্তি দিল ইরান!

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন যুদ্ধের দামামা তুঙ্গে, ঠিক তখনই ভারতের জন্য আকাশছোঁয়া স্বস্তির খবর নিয়ে এল ইরান। পারস্য উপসাগরে উত্তেজনার জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে ভারতের পণ্যবাহী ও জ্বালানি ট্যাঙ্কার চলাচলের জন্য ‘সেফ প্যাসেজ’ বা নিরাপদ পথ নিশ্চিত করার ইঙ্গিত দিল তেহরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি শুক্রবার দিল্লিতে এক তাৎপর্যপূর্ণ বিবৃতিতে এই বার্তা দিয়েছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডর দিয়ে ভারতের জাহাজ চলাচলের প্রশ্নে ফাথালি সরাসরি জানান, “ভারত ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এই গভীর সম্পর্কের খাতিরেই আমরা ভারতের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই এর সুফল দেখতে পাবেন।” উল্লেখ্য, এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণেই দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছিল, এমনকি সিলিন্ডারের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ইরানের এই গ্রিন সিগন্যাল ভারতের জ্বালানি নিরাপত্তায় বড়সড় অক্সিজেন জোগাবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

রাষ্ট্রদূত আরও স্পষ্ট করেছেন যে, কঠিন সময়ে ভারত ইরানের পাশে দাঁড়িয়েছে এবং ইরানও সেই বন্ধুত্বের মর্যাদা দিতে বদ্ধপরিকর। বিশেষ করে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ভারত যেভাবে ইরানকে সহযোগিতা করেছে, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কূটনৈতিক জয় ভারতের বিদেশনীতির এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস আমদানি স্বাভাবিক হলে দেশের বাজারে জ্বালানির সংকট দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।